তিন বছরে অগ্রগতি সামান্যই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ আলাদা হলেও নিম্ন আদালতের ওপর প্রশাসনের নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ রয়ে গেছে। নিম্ন আদালত প্রশাসনের নির্বাহী বিভাগের প্রভাব থেকে মুক্ত হয়নি। পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বিচার বিভাগের স্বাধীনতা। এ ক্ষেত্রে অগ্রগতি সামান্যই। এ অভিমত সংশ্লিষ্ট আইনজীবীদের। ২০০৭ সালে পৃথক্করণের ফলে বড় অগ্রগতি ঘটে দুটি ক্ষেত্রে। প্রথমত, বিচারিক কাজ পেশাদার বিচারকেরাই করেন। প্রশাসন ক্যাডারের সদস্যরা বিচারকাজে নেই। দ্বিতীয়ত, নিম্ন আদালতের বিচারকদের বদলি, কর্মস্থল নির্ধারণ ও শৃঙ্খলা বিধান সংস্থাপন ও আইন মন্ত্রণালয় করত। ২০০৭ সাল থেকে শুধু আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের কার্যকর পরামর্শে এ কাজ করে থাকে।আজ থেকে তিন বছর আগে নির্বাহী বিভাগ থেকে পৃথক হয়েছিল বিচার বিভাগ। তবে অধস্তন আদালতগুলো তদারকির জন্য প্রস্তাবিত সচিবালয় এখনো হয়নি। আইন বিশেষজ্ঞরা বলেছেন, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আংশিক পৃথক হয়েছে মাত্র। পঞ্চম সংশোধনী-সংক্রান্ত মামলায় আপিল বিভাগ সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধনের নির্দেশনা দিয়েছেন।বিচারকদের বেতন-ভাতার বিষয়ে পে-কমিশনকে সহায়তার জন্য গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন কারিগরি কমিটির সুপারিশও বাস্তবায়িত হয়নি। এ ছাড়া নিম্ন আদালতের বিচারকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, জনবল ও যানবাহন-ব্যবস্থা পুরোপুরি নিশ্চিত করা যায়নি। আইনবিদদের মতে, পৃথক্করণ একটি চলমান প্রক্রিয়া। কিছু অগ্রগতি হয়েছে। তবে সত্যিকার অর্থে পৃথক্করণ সম্পন্ন করতে সময় লাগবে। বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও বিচারকদের দীর্ঘদিনের দাবি ছিল বিচার বিভাগ পৃথক্করণের। কিন্তু অতীতের সরকারগুলো নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক্করণের দাবি বিভিন্ন সীমাবদ্ধতার অজুহাতে সুকৌশলে এড়িয়ে গেছে। স্বাধীনতার ৩৬ বছর, পর আজ থেকে তিন বছর আগে ২০০৭ সালের ১ নভেম্বর ঐতিহাসিক মাসদার হোসেন মামলার পরিপ্রেক্ষিতে ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাহী বিভাগ থেকে পৃথক বিচার বিভাগ যাত্রা শুরু করে।যোগাযোগ করা হলে এ প্রসঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, বিচার বিভাগ স্বাধীন। বিচারকদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সবই হচ্ছে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে। নির্বাহী বিভাগের কোনো হস্তক্ষেপ নেই। সুপ্রিম কোর্ট যেভাবে পরামর্শ দিচ্ছেন, সেভাবেই সরকার কাজ করছে। আলাদা সচিবালয় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমরাও চাই আলাদা সচিবালয় হবে। এতে অধস্তন আদালতের ওপর তকারকি সহজ হবে। এ ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শক্রমে সরকার ব্যবস্থা নেবে।’ আইনমন্ত্রী বলেন, বিচারকদের জন্য পৃথক বেতন-কাঠামো রয়েছে।তবে বিচার বিভাগ পৃথক্করণ কার্যকরে বাহাত্তরের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, বিচার বিভাগ পৃথক্করণ ইতিবাচক। তবে এখনো বিচারকদের গলায় প্রশাসনের রশিটা রয়ে গেছে। কারণ অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি এখনো প্রশাসনের আওতায় আছে। এখনো রাজনৈতিক বিবেচনায় বদলি ও পদোন্নতি হচ্ছে। তিনি বলেন, ১১৬ অনুচ্ছেদে আগে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ছিল সুপ্রিম কোর্টের হাতে। পরে ওই অনুচ্ছেদ সংশোধন করে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতির কর্তৃত্ব নির্বাহী বিভাগের হাতে রাখা হয়। ওই অনুচ্ছেদটি পুনর্বহাল হলে নিম্ন আদালতের বিচারকেরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন।বিচারাধীন মামলা: অনুসন্ধানে জানা যায়, ২০০৭ সালের ১ নভেম্বর ২৪৪ জন বিচার বিভাগীয় কর্মকর্তা ও পাঁচ লাখ ৬৩ হাজার ৩৪৪টি বিচারাধীন মামলা নিয়ে পৃথক বিচার বিভাগ যাত্রা শুরু করে। সুপ্রিম কোর্ট থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দায়রা জজ আদালত ও ট্রাইব্যুনালগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা নয় লাখ ২৬ হাজার ১৪৭। ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন আছে সাত লাখ ১২ হাজার ৭৫টি মামলা। আর বর্তমানে অধস্তন আদালতে প্রায় এক হাজার ৪০০ জন বিচারক কর্মরত রয়েছেন।অবকাঠামো প্রসঙ্গ: অধস্তন আদালতের জন্য জুডিশিয়াল ক্যাপাসিটি বিল্ডিং নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গত বছরের সেপ্টেম্বরে সিলেটে ম্যাজিস্ট্রেসি ভবনের ফলক উন্মোচন করেছেন অর্থমন্ত্রী। কিন্তু এখনো কাজ শুরু হয়নি। সূত্র জানায়, প্রাথমিকভাবে ২০টি জেলায় এই ভবন নির্মাণের কথা রয়েছে। বিচার বিভাগীয় কর্মকর্তারা জানান, অবকাঠামোর অভাবে বর্তমানে একটি কক্ষে একাধিক বিচারিক ম্যাজিস্ট্রেটকে কাজ করতে হচ্ছে। সময় ভাগ করে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে দ্রুত মামলা নিষ্পত্তিতে দেরি হচ্ছে। তৈরি হচ্ছে মামলার জট।তদারকির জন্য সচিবালয়: তিন বছরেও অধস্তন আদালতের তদারকির জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠিত হয়নি। এ প্রসঙ্গে বিচার বিভাগ পৃথক্করণসংক্রান্ত মামলার আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, পৃথক্করণের মৌলিক জায়গায় অনেক বিচ্যুতি হয়েছে। সংবিধান ও মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনা অনুসারে অধস্তন আদালতের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের বিষয়ে বলা আছে। এ অনুযায়ী সচিবালয় গঠন করা জরুরি। বিচার বিভাগীয় কর্মকর্তাদের তদারকি প্রশ্নে আমীর-উল ইসলাম বলেন, দ্বৈত ধারণা রয়ে গেছে। তিনি বলেন, বিচারকদের বেতন-ভাতার বিষয়ে পে-কমিশনের সুপারিশ তিন বছরেও বাস্তবায়িত হয়নি। এর ফলে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। মামলার সর্বশেষ অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এখনো বিচারধীন রয়েছে। বিভিন্ন সময়ে অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে। একাধিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কাছে মতামত ও পরামর্শ চায় মন্ত্রণালয়। পরে জিএ কমিটি সভায় ওই প্রস্তাবের ওপর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিষয়টি মন্ত্রণালয়ে পাঠনো হয়। কিন্তু মন্ত্রণালয় অনেক ক্ষেত্রে ওই আদেশ বাস্তবায়নে গড়িমসি করে থাকে। ফলে বিড়ম্বনা পোহাতে হয়।সেই মামলা: ‘মাসদার হোসেন মামলা’ নামে খ্যাত একটি মামলাকে কেন্দ্র করে বিচার বিভাগ পৃথক্করণের আবহ তৈরি হয়। বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি নতুন মাত্রা পায় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রায়ের মধ্য দিয়ে। এ রায় বাস্তবায়নের জন্য আদালত সরকারকে একের পর এক তাগিদ দিতে থাকে। ২০০৭ সালের ১০ জানুয়ারি আপিল বিভাগ বিচার বিভাগ পৃথক্করণ-সংক্রান্ত চারটি বিধিমালা সাত দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করার নির্দেশ দেন। ওই বছরের ১৬ জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংশোধিত এ সংক্রান্ত পৃথক চারটি বিধিমালা গেজেট আকারে জারি করা হয়। এরপর ১ নভেম্বর সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকরের মধ্য দিয়ে পৃথক বিচার বিভাগের যাত্রা শুরু হয়। তবে বিচার বিভাগ পৃথক্করণ-সংক্রান্ত মামলাটি এখনো আপিল বিভাগে বিচারাধীন। এখন চলছে পৃথক্করণ বাস্তবায়ন-সংক্রান্ত বিষয়ে শুনানি। বিচার বিভাগ-সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই মামলার হাত ধরেই একদিন বিচার বিভাগ সত্যিকার অর্থে স্বাধীন বিচার বিভাগ হিসেবে রূপ লাভ করবে।