তিন বছরে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন দ্বিগুণ বেড়েছে
গত তিন বছরে বিদ্যুৎ ও গ্যাসের উৎপাদন দ্বিগুণ বেড়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও মে দিবস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এবারের মে দিবসের প্রতিপাদ্য ‘মালিক শ্রমিক একতা শিল্পোন্নয়নের মূল কথা’। সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ-গ্যাস সংকট মোকাবিলায় সরকার নানাভাবে কাজ করছে। গত তিন বছরে বিদ্যুৎ-গ্যাসের উৎপাদন দ্বিগুণ বেড়েছে। সরকার আরও উৎপাদন বৃদ্ধির চেষ্টা করছে। বিশ্ববাজারে মন্দা ও তেলের দাম বৃদ্ধির ফলে সেই প্রক্রিয়া কিছুটা ব্যাহত হলেও থেমে নেই। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকেরা যেন উন্নত জীবনযাপন করতে পারেন সেদিকে মালিকদের খেয়াল রাখতে হবে। শ্রমিকেরা ভালো পরিবেশে থাকলে বেশি উৎপাদন করবেন, এতে মালিকদেরই লাভ বেশি। আর শ্রমিকদেরও খেয়াল রাখতে হবে কারখানা তাঁদের রুটি-রুজি। সেখানে যেন সুস্থ-সুন্দর পরিবেশ বজায় থাকে সে জন্য তাঁদের চেষ্টা করতে হবে।এ সরকার শিশুশ্রমনীতি করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের প্রত্যাহার করে তাদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সভাপতির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ বলেন, গত বছর বাংলাদেশের প্রবাসী শ্রমিকেরা আট হাজার ৭০০ কোটি টাকা (১২ দশমিক ১৭ বিলিয়ন ডলার) রেমিট্যান্স পাঠিয়েছে। যা দেশের জিডিপির ১৩ শতাংশ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অভিবাসন ব্যায় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন নিবন্ধন ছাড়া কেউ বিদেশে যেতে পারে না। ফলে দালাল, সাব এজেন্টসহ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমেছে বলে তিনি দাবি করেন।সভায় আরও বক্তব্য দেন এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাংসদ ইসরাফিল আলম, আইএলওয়ের বাংলাদেশ প্রতিনিধি আন্দ্রে বগুই, মালিক প্রতিনিধি ফজলুল হক ও শ্রমিক প্রতিনিধি আবদুল মতিন মাস্টার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সচিব মিকাইল শিপার।