তিন বছরে বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি
যুদ্ধাপরাধীদের রক্ষাকারীদের বিচার ও সেনাবাহিনীতে অভ্যুত্থানের চেষ্টায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে কাল সোমবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ করবে আওয়ামী লীগ। আজ রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগ এই সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়।ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, এই দুই দাবিতে আগামী মধ্য মার্চ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। একই দাবিতে আগামী ৩১ জানুয়ারি বেলা তিনটায় ঢাকা মহানগরের ১০০ ওয়ার্ড ও ১৯টি ইউনিয়নে কর্মিসভা ও বিক্ষোভ মিছিল করা হবে। এর মধ্যে পুরো ঢাকা শহরে মানবপ্রাচীর তৈরি করা হবে। সংবাদ সম্মেলনে মায়া দাবি করেন, গত ১৯ জানুয়ারি আওয়ামী লীগের ঢাকা মহানগরের সভায় তিন মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে আজ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ছিল। তবে পুলিশ নিষেধাজ্ঞা দেওয়ায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কর্মসূচি স্থগিত করা হয়। কাল একই সময়ে একই জায়গায় সমাবেশ করা হবে। প্রসঙ্গত, কাল বিএনপি নয়াপল্টন থেকে গণমিছিল করবে।এক প্রশ্নের জবাবে মায়া বলেন, গত তিন বছরে কোথাও বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। দুই দল কর্মসূচি দেওয়ায় সংঘাতের রাজনীতি শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন পরিষ্কার থাকলে গণ্ডগোল হওয়ার কথা না। আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই।সংবাদ সম্মেলনে দলের সহসভাপতি মুকুল চৌধুরী, লুত্ফুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ আসলামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।