তিন বছরে ভারত থেকে ২৩ হাজার বাংলাদেশি শরণার্থী বিতাড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ থেকে ২০১১ সাল—এই তিন বছরে ভারত থেকে ২৩ হাজার ৬০০ বাংলাদেশি শরণার্থীকে বিতাড়ন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীনিত কাউর। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, আজ শুক্রবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।প্রীনিত কাউরের তথ্যমতে, ভারতে বাংলাদেশি শরণার্থীর সংখ্যা ৮৩ হাজার ৪০০। এ ছাড়া ২০০৯ সালে ১০ হাজার ৬০২, ২০১০ সালে ৬ হাজার ২৯০ ও ২০১১ সালে ৬ হাজার ৭৬১ জন বাংলাদেশি শরণার্থীকে ভারত থেকে বিতাড়িত করেছে ভারত।প্রীনিত কাউর আরও জানিয়েছেন, তাঁদের তালিকায় ভারতে মোট ৪০টি দেশের ৬৭ হাজার ৯৪৫ জন শরণার্থী রয়েছে। এর মধ্যে বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানের ১৩ হাজার ৭৪৪, পাকিস্তানের ৮ হাজার ৩৭, যুক্তরাষ্ট্রের দুই হাজার ১৬৮, ইরাকের দুই হাজার ৩৮ এবং যুক্তরাজ্যের এক হাজার ৯৪ জন দেশটিতে অবস্থান করছে।বাংলাদেশি শরণার্থীদের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা আধার নম্বর দেওয়া হবে কি না, এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রীনিত কাউর।কাউর বলেন, আধার ভারতে বসবাসরত প্রত্যেক মানুষের একটি স্বতন্ত্র শনাক্তকারী নম্বর, আধার নাগরিকত্ব সনদ নয়।