তিন বছরে সাত লাখ ২০ হাজার বেকারের আত্মকর্মসংস্থান করা হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরের মধ্যে সারা দেশে সাত লাখ ২০ হাজার বেকার যুবক ও যুব মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ এবং ঋণ সহায়তার মাধ্যমে এ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের আবদুল মজিদ খানের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। সংসদীয় রেওয়াজ অনুসারে প্রধানমন্ত্রী প্রতি বুধবার সংসদে সাংসদদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কিন্তু রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সুবিধার্থে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল তিনটা ১০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হয়। বিরোধী দলের সাংসদেরা শুরুতেই অধিবেশনে যোগ দেন।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুসারে বর্তমান সরকার শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জে মাধ্যমিক এবং এর ওপরের স্তরের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন বেকারদের দুই বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থান সৃষ্টির কাজ এরই মধ্যে শুরু হয়েছে। শিগগিরই সারা দেশে এ কর্মসূচি চালু করা হবে।