তিন বছরে ২১ জন ফাঁসির আসামিকে ক্ষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের আমলে রেকর্ড পরিমাণ বন্দী রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ডাদেশ থেকে ক্ষমা পেয়েছেন। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মোট ২১ জনের মৃত্যুদণ্ডাদেশ মওকুফ করা হয়েছে। আজ বুধবার সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত (১৯৭২-২০১১) মোট ২৫ জন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দী রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন। এর মধ্যে ১৯৮৭ সালে একজন, ২০০৫ সালে দুজন, ২০০৮ সালে একজন, ২০০৯ সালে একজন, ২০১০ সালে ১৮ জন এবং ২০১১ সালে দুজন রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন। ফজলুল আজিমের প্রশ্ন ছিল ১৯৭২ থেকে ২০১১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমায় মোট কতজন ফাঁসির আসামি ক্ষমা পেয়েছেন। সরকার দলীয় এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান বলেন, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী আছে। দেশের ৬৮টি কারাগারের মধ্যে দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও রাঙামাটি ছাড়া সবগুলোতেই ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দী অবস্থান করছে। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ধারণক্ষমতা দুই হাজার ৬৮২ জন, সেখানে আছে সাত হাজার ৮৩০ জন। মন্ত্রী জানান, দেশের কারাগারগুলোর মোট ধারণ ক্ষমতা ৩৩ হাজার ৪৩৬ জন। এর বিপরীতে রয়েছে ৬৪ হাজার ২৫৫ জন। ফজলুল আজিমের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর ফলে বাংলাদেশ নেপাল ও ভুটানকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার ইচ্ছা ব্যক্ত করে। এ ছাড়া ভারত সরকারের অনুরোধে সে দেশের উত্তর-পশ্চিমে অবস্থিত রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের বিষয়ে বাংলাদেশ সম্মত হয়েছে। এই সংযোগ (কানেক্টিভিটি) মিয়ানমার ও চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য রাষ্ট্র পর্যন্ত প্রসার করা যেতে পারে। সরকার ট্রানজিট-সংক্রান্ত সব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করার উদ্দেশ্যে একটি কোর কমিটি গঠন করেছে বলেও মন্ত্রী জানান।