তিন বছরে ২৭ হাজার ভবনের নকশা পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সাল থেকে এ বছরের জুলাই পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ২৭ হাজার ভবনের নকশা অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের ভিত্তিতে বর্তমানে নির্মাণকাজ চলছে।শুধু এই ২৭ হাজার নয়, আগের অনুমোদিত নকশা অনুযায়ীও অনেক ভবনের কাজ চলছে। কিন্তু এসব নির্মাণকাজ তদারকির মতো জনবল রাজউকের নেই। রাজউকের অথরাইজড কর্মকর্তা মাত্র পাঁচজন। ফলে একজন অথরাইজড কর্মকর্তাকে পাঁচ হাজারের বেশি ভবনের কাজ তদারক করতে হয়।রাজউক চেয়ারম্যান মো. নূরুল হুদা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, অনেক যাচাই-বাছাই করে ভবনের নকশা অনুমোদন করা হয়। তার পরও তিন বছরে প্রায় ২৭ হাজার ভবনের নকশা অনুমোদন দিতে হয়েছে। অতীতে রাজউকের বিরুদ্ধে অভিযোগ ছিল, নকশা অনুমোদন না করে অকারণে বছরের পর বছর ঘুরিয়ে মানুষকে হয়রানি করা হয়। এ থেকে রাজউক বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু বড় সমস্যা হচ্ছে জনবল। এই জনবল বা সাংগঠনিক কাঠামো বাড়ানোর আবেদন জানানো হয়েছে অনেক আগে।রাজউক সূত্রমতে, শুধু ২৭ হাজার ভবনের তদারকি নয়, রাজউকের আওতাভুক্ত এক হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় নকশা অনুমোদন, অনুমোদনহীন বা অনুমোদনের ব্যত্যয় করে নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজও করতে হয় পাঁচজন অথরাইজড কর্মকর্তাকে। এর ফলে বিশাল এলাকায় উপযুক্তভাবে উন্নয়ন, নিয়ন্ত্রণ, কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। সে জন্যই রাজউকের জনবল বা সাংগঠনিক কাঠামো সংশোধন করার পদক্ষেপ দেওয়া হয়েছে। রাজউকে বর্তমান জনবল এক হাজার ৮৭ জন। এই সংখ্যা দুই হাজার ৩৬৯ জনে উন্নীত করে সাংগঠনিক কাঠামো সংশোধনের প্রস্তাব করা হয়েছে। রাজউকের হিসাবে, গত এক বছরে অনুমোদনহীন ও অনুমোদনের ব্যত্যয় করে নির্মাণাধীন প্রায় সাড়ে তিন হাজার ভবনকে আইনানুযায়ী নোটিশ দেওয়া হয়েছে। নির্মাণ আইন অমান্য করে নির্মাণকাজ অব্যাহত রাখায় এক বছরে ৩১৪টি ভবন বা স্থাপনা উচ্ছেদ কাজ পরিচালনা করা হয়েছে।সূত্রমতে, একটি ক্ষেত্রে রাজউকের শক্তি বাড়ানো হয়েছে। গত এপ্রিলে রাজউকের চারজন ম্যাজিস্ট্রেটকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়। এ ক্ষমতাবলে গত চার মাসে ৮৫টি ভবনে আদালত পরিচালনা করে ছয় ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে জেল এবং পাঁচ কোটি ৮১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, রাজউকের সব কর্মকর্তা-কর্মচারী স ৎ, এমন কথা বলা যাবে না। তবে জনবল না থাকায় সব সময় সঠিক কাজও করা যায় না। তার পরও প্রকল্পস্থলে প্রয়োজনীয় সতর্কতামূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় দুই মাসে ২৮টি ভবনের নির্মাণকাজ স্থগিত রাখার নোটিশ এবং ৪৮টি ভবনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নোটিশ দেওয়া হয়েছে।প্রকল্পস্থলে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় এবং নকশা অনুযায়ী নির্মাণকাজ না করে জালিয়াতির আশ্রয় নেওয়ায় গত এক বছরে ১১টি ভবনের মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়।