তিন বছরেও ওদের কথা কেউ ভাবেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের শরণখোলার পঞ্চাশোর্ধ্ব বিধবা জয়নব বিবি ভূমিহীন। তিন বছর আগে সিডরে তাঁর ঘরটি ভেসে গেছে। বলেশ্বর নদের তীরে ছোট্ট একটি ঘর তুলে দুই নাতিকে নিয়ে থাকেন তিনি। নিজের জমি না থাকায় গত তিন বছরেও তাঁর মতো অনেকের ভাগ্যে সাহায্যের ঘর জোটেনি। জয়নব বিবি বলেন, ‘ভারত সরকার শরণখোলায় এক হাজার ৪০০ ঘর দিচ্ছে। এই তালিকাতেও আমার নাম আছে। কিন্তু ভয় হয়, জমির দলিল দিতে না পারায় এবারও বুঝি ঘর পাব না।’ তাঁর মতো আট শতাধিক পরিবার বলেশ্বর তীরের রায়েন্দা থেকে বগি পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার বেড়িবাঁধ এবং বান্ধা খালের পাশে সরকারি জায়গায় বাস করছে। তাঁদের অধিকাংশই ভূমিহীন বলে গত তিন বছরেও এসব পরিবার ঘর পায়নি। বাঁধের বাসিন্দা আনোয়ার বয়াতির স্ত্রী হাসিনা বেগম (৩০) জানান, একটি বেসরকারি সংস্থা (এনজিও) ঘর দেওয়ার জন্য তাঁদের নাম নিয়েছিল। কিন্তু দলিল দিতে না পারায় শেষ পর্যন্ত তাঁরা ঘর পাননি। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকন জানান, ভূমিহীনেরা এখনো ঘর পাননি। ভারত সরকার যেসব ঘর দেবে, তা বিতরণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুতকারীদের তিনি ভূমিহীনদের নামও অন্তর্ভুক্ত করতে বলেছেন। তবে শেষ পর্যন্ত কী হয়েছে, তা জানেন না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার জহিরুল ইসলাম জানান, এলাকার আট শতাধিক ভূমিহীন পরিবার জমির দলিল দিতে না পারায় এনজিও বা দাতা সংস্থার দেওয়া ঘর পায়নি। বাগেরহাটের জেলা প্রশাসক আকরাম হোসেন বলেন, ‘ভূমিহীনদের ঘর না পাওয়ার বিষয়টি আমাকে জানানো হয়নি। সমস্যা নিরসনে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে উপায় খোঁজার চেষ্টা করা হবে।’