তিন বছরের মধ্যে পূর্বাচলে বসবাস করা সম্ভব: পূর্ত প্রতিমন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, আগামী তিন বছরের মধ্যে রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে হস্তান্তরিত প্লটগুলোয় বসবাস করা সম্ভব।আজ সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, রাজধানীর কুড়িল ইন্টারসেকশন হতে পূর্বাচল প্রকল্পে যাতায়াতের সংযোগ সড়ক নির্মাণের কাজ ২০১৩ সালের জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্পের তিনটি সেক্টরের প্লট হস্তান্তর করা হয়েছে এবং একটি সেক্টরের প্লট হস্তান্তর করা হচ্ছে। আরও চারটি সেক্টরে শিগগির প্লট হস্তান্তরের কাজ শুরু করা হবে। দ্রুততম সময়ে ঘরবাড়ি নির্মাণ করে পূর্বাচলকে বসবাসযোগ্য করতে সরকার কাজ করে যাচ্ছে।এবার বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহের হোসেন বলেছেন, চলতি অর্থবছরে আনুপাতিক বেশি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের পক্ষে তিনি এ জবাব দেন।আতিউর রহমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বে প্রতিটি নির্বাচনী এলাকায় তিনটি করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় একাধিক সাংসদে সাংসদেরা ক্ষোভ প্রকাশ করেন।সাংসদদের ক্ষোভের মুখে প্রতিমন্ত্রী জানান, তিনি নিজেও এ কোটা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, এ অর্থবছরে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় পেলে আনুপাতিক হারে তিনটির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে।এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জানান, সারা দেশের এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার চিন্তা করছে সরকার। তিনি জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত নেই—এমন এক হাজার ৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় কর্মরত সর্বোচ্চ চারজন পর্যন্ত শিক্ষককে মাসিক ৫০০ টাকা হারে ভাতা দেওয়া হয়। বাকি পাঁচ হাজার ৩২৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।তিন বছরে সাড়ে ৫৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: জুনাইদ আহমেদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, বর্তমান সরকারের শাসনামলের তিন বছরে সাড়ে ৫৮ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ফরিদা আখতারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০১৪ সালের মধ্যে শতভাগ সাক্ষরতা অর্জনের লক্ষ্যে ‘মৌলিক সাক্ষরতা ও অব্যাহত শিক্ষা প্রকল্প’ নামে একটি বৃহত্ প্রকল্প নেওয়া হয়েছে।এ কর্মসূচির আওতায় ঢাকা শহরের ১০টি জোনের প্রতিটিতে ১০০০ করে ১০ হাজার ভিক্ষুকের জরিপ সম্পন্ন করা হয়েছে।