তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন বছরের মধ্যে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ। তিনি বলেন, মহাজোট সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তাব করা হয়।আজ বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের প্রক্রিয়ার অংশ হিসেবে পরামর্শক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের (এসপিআই) সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে টেলিযোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন এসপিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ব্রুস ক্রাসেলস্কি ও বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ। এ সময় টেলিযোগাযোগমন্ত্রী বলেন, এসপিআইয়ের সঙ্গে এ চুক্তির ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আরও একধাপ এগিয়ে গেল। তিনি ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এসপিআইয়ের দলের প্রতি আহ্বান জানান।মার্কিন রাষ্ট্রদূত ডেন ডব্লিউ মজিনা বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হবে।অনুষ্ঠানে একটি তথ্যচিত্র উপস্থাপন করে এসপিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ব্রুস ক্রাসেলস্কি বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণ করার পর বাংলাদেশ প্রতি বছর প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারবে। এ ছাড়া বর্তমানে বাংলাদেশের প্রতিটি টিভি চ্যানেল স্যাটেলাইটের ভাড়া বাবদ প্রতি বছর প্রায় দুই লাখ মার্কিন ডলার ব্যয় করে। মোট ১৯টি টিভি চ্যানেল ও অন্যান্য প্রতিষ্ঠান এ হিসাবে বছরে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার ভাড়া দেয়। এই ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট সম্পূর্ণ হলে এ অর্থের পুরোটাই বাংলাদেশ সরকারের আয় হবে।প্রসঙ্গত, দেশের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলগুলো, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট এবং রেডিওগুলো বর্তমানে বিভিন্ন বিদেশি উপগ্রহের মাধ্যমে কাজ চালাচ্ছে।শুভেচ্ছা বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান বলেন, পরামর্শক প্রতিষ্ঠান এসপিআইয়ের বিশেষজ্ঞরা আগামী তিন বছরের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বাজার পর্যবেক্ষণ, বাজারজাতকরণ, বাংলাদেশের বিশেষজ্ঞদের প্রশিক্ষণ, গ্রাউন্ড স্টেশন ব্যবস্থাপনা ও জনবলের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবেন। এ পরামর্শক সহায়তা প্রকল্পে মোট ৮২ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে।