তিন বছরের মধ্যেই পদ্মা সেতু: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন বছরের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরও বলেছেন, চলতি অর্থবছরেই পদ্মা সেতুর কাজ শুরু হবে। সেতুতে রেল ও সড়কপথ দুই-ই থাকছে বলে জানান তিনি। আজ সোমবার বিকেলে জাতীয় সংসদের কার্যপ্রণালি ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে উপস্থিত ছিলেন। পদ্মা সেতু প্রকল্পে এখন পর্যন্ত কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করেন অর্থমন্ত্রী। এই প্রকল্পে কোনো দুর্নীতি চলবে না বলেও জাতিকে নিশ্চিত করেন তিনি। দুর্নীতিবাজদের প্রতি আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আপনারা সাবধান হোন। আপনাদের নিস্তার নাই।’ পদ্মা সেতুর নকশা বা প্রাক্কলিত হিসাবে কোনো পরিবর্তন করা হচ্ছে না বলেও জানান মন্ত্রী।জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই মহান সংসদে ঘোষণা করছি যে, পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা এই অর্থবছরেই শুরু করছি। পদ্মা সেতুর বাস্তবায়ন আমরা নিজেদের অর্থেই সম্পূর্ণ করব। পদ্মা সেতুর বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি কখনো হবে না। জীবনসায়াহ্নে পৌঁছে এই সেতু নির্মাণ প্রকল্পে যুক্ত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।’ পদ্মা সেতু প্রকল্পের জন্য যেসব কাজ সম্পন্ন করা হয়েছে, তার বর্ণনা দিয়ে অর্থমন্ত্রী বলেন সেতু নির্মাণে আরও কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো হলো:১. সেতু নির্মাণের ঠিকাদার নিয়োগ;২. সেতু নির্মাণের জন্য পর্যবেক্ষণ পরামর্শক নিয়োগ;৩. নদীশাসনের জন্য ঠিকাদার নিয়োগ;৪. সার্ভিস এরিয়া প্রস্তুতির জন্য ঠিকাদার নিয়োগ;৫. জাজিরা অ্যাপ্রোচ রোড নির্মাণ ও৬. মাওয়া অ্যাপ্রোচ রোড নির্মাণ।