তিন বনে এক বনমালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পূর্ণ ভিন্ন ভিন্ন চরিত্রের তিন বনে সমান স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে, এমন এক জাতের পাখি আছে বাংলাদেশে—নাম ‘কালাকপাল বনমালী’। বনমালীর ইংরেজি নাম ‘নাটহ্যাচ’, যা বাংলা নামের চেয়ে কম কাব্যিক নয়। সুন্দরবনের লোনাপানিতে দাঁড়ানো সুন্দরীগাছে রয়েছে বনমালীর সরব উপস্থিতি, মধুপুরের পাতাঝরা শালবনের শুকনো কাণ্ডে দেখা যায় এর দৃঢ় পদচারণ আর সিলেটের চিরহরিৎ পাহাড়ি বনজুড়ে আছে এর নিরন্তর ওড়াউড়ি। বাংলাদেশের তিন ধরনের বনে মাত্র এক প্রজাতির বনমালী কেমন করে আধিপত্য বিস্তার করেছে, এর ভালো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা নেই, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে কোনো বনমালী পাখি কেন নেই! বিষুবরেখা থেকে উত্তরে বনমালী পরিবারে ২৭ প্রজাতির পাখি আছে; কিন্তু অস্ট্রেলিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় একটিও নেই! কেন নেই, তা কেউ জানে না।‘কালাকপাল’ ছাড়া বাংলাদেশে আরও এক জাতের বনমালী আছে, তবে এর সংখ্যা খুবই কম এবং সহজে দেখা মেলে না। কালাকপাল নাম হলেও এরই ভাগ্য হয়েছে এ দেশের বহু বনে বংশ বিস্তার করার। বাংলাদেশে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশে এরা এখনো ভালোই আছে। পাখিটির পোশাকি নামের পেছনে রয়েছে সুন্দরবনের পোনাশিকারিদের দেওয়া এর প্রাচীন নাম ‘কালাকপাল্লা’। বনমালীর নীলচে শরীর আর লাল ঠোঁটের মাঝখানে কালো ভেলভেটের কপালটুকু কেমন করে জানি জেলেদের চোখে ধরেছিল। গাছের গা আঁকড়ে চলতে অভ্যস্ত, মৃদুভাষী এই পাখি শালবনের পাতাকুড়ানি আর পাহাড়ি বনের কাঠুরিয়ার দৃষ্টি এড়িয়ে গেলেও সুন্দরবনের জেলের চোখে ঠিকই ধরা পড়েছে। সুন্দরবনের সরু খাল আর ভারানিতে জোয়ারের জলে চিংড়িপোনার জাল পেতে জেলেরা দীর্ঘ সময় নিশ্চল বসে থাকেন বলে গাছের কাণ্ডে লুকিয়ে চলা বনমালী পরিবারের সঙ্গেও তাঁদের চিন-পরিচয় হয়েছে।ফেব্রুয়ারি-মার্চ মাসে সুন্দরবনে বনমালীকে সপরিবারে দেখা যায়। কোটরের বাসা ছেড়ে সদ্য বেরিয়ে আসা ছানারা বেশ কিছুদিন বাবা-মায়ের সঙ্গে থাকে। ফুটোফাটা বাকলের ফাঁকে লুকানো পোকা আর মাকড়সা শিকারের কৌশল শিখতে ছানাদের বেশ সময় লাগে। কিন্তু প্রথম দিন থেকেই এরা বড়দের মতো দৃঢ় পায়ে গাছের বাকল আঁকড়ে ধরে দৌড়াদৌড়ি করতে পারে। গাছের গা বেয়ে দৌড় দিয়ে ওপর-নিচ করার এই দক্ষতা বনমালী ছাড়া পৃথিবীর আর কোনো পাখির নেই। কাঠঠোকরার মতো গাছের গায়ে ধাক্কা মেরে লাফ দিয়ে দিয়ে চলে না বনমালী; ছোট ছোট নখর দিয়ে খাড়া কাণ্ডের গা খামচে ধরে ব্যস্তবাগীশ পিঁপড়ার মতো দৌড়ে চলে। ইচ্ছে হলে গাছের মাথা থেকে দৌড় দিয়ে বনমালী গোড়ায় নেমে আসতে পারে; এমন আজব কাজ করার কথা চিন্তাও করতে পারবে না কোনো কাঠঠোকরা। কাঠঠোকরার লাফিয়ে লাফিয়ে চলার সঙ্গে বনমালীর সাবলীল গতির কোনো তুলনাই হয় না।গাছের খাড়া কাণ্ড বেয়ে তরতর করে ওঠা-নামা করতে দেখে মনে হয়, বনমালীর ওপর মাধ্যাকর্ষণের বুঝি কোনো প্রভাব নেই। আসলে মাধ্যাকর্ষণের সঙ্গে নিরন্তর লড়াই করার জন্য তার আছে খাটো ও শক্তিশালী পায়ের নলা, মজবুত গিরা আর নখর। গাছের কাণ্ডেই বনমালীর জীবন কাটে; এমনকি বিশ্রাম ও ঘুমের সময়েও এরা সচরাচর ডালে উঠে বসে না। তবে প্রজননের সময় এদের সমান্তরাল একটু ঠাঁই চাই; সুবিধামতো গাছের কোটর অথবা কাঠঠোকরার পরিত্যক্ত বাসা পেলেও চলে। কোটরে শেওলার নরম গদি বানিয়ে বনমালী পাখিরা তিন-চারটি ডিম পাড়ে। কত দিনে ডিম ফোটে এবং কত দিনে ছানারা বাসা ছাড়ে তা নিশ্চিতভাবে জানা যায়নি। পুরোনো যে তথ্য ছিল তা এখন পৃথিবীর পাখিবিজ্ঞানীদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এ দেশে বনমালীর বাসা খুঁজে পাওয়া সহজ বলে পর্যবেক্ষণের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি করার একটা ভালো সুযোগ আমাদের রয়েছে।