কমিটি মনে করে, মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিন বাহিনীর আইন সংশোধন হওয়া দরকার
তিন বাহিনীর আইন সংশোধনের সুপারিশ সংসদীয় কমিটির
সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিদ্যমান আইন সংশোধনের সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির মতে, তিন বাহিনীর বিদ্যমান আইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন হওয়ার অভিযোগ রয়েছে।বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইদ্রিস আলী। বৈঠকে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের (স্পারসো) শূন্যপদে জনবল নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর সুপারিশ করা হয়।বৈঠক শেষে ইদ্রিস আলী সংবাদ ব্রিফিংয়ে জানান, কমিটি সেনাবাহিনী (আর্মি অ্যাক্ট ১৯৫২), নৌবাহিনী (নেভি অ্যাক্ট ১৯৬১) ও বিমানবাহিনীর (এয়ারফোর্স অ্যাক্ট ১৯৫৩) আইন এবং সংশ্লিষ্ট বিধি-বিধান সংশোধনের সুপারিশ করেছে। তিনি বলেন, এসব আইন প্রথমে তৈরি হয়েছিল ইংরেজ শাসনামলে। এর পর ঔপনিবেশিক শাসনামলের আদলে তিন বাহিনীর জন্য আইন করা হয়েছিল। সে আইন এখনো রয়েছে। এসব আইনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগ রয়েছে।কমিটির সভাপতি আরও বলেন, ‘আমরা অনেকের কাছ থেকে আবেদন পাচ্ছি, অভিযোগ পেয়েছি। অতীতে এসব আইনের মাধ্যমে অনেককেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অনেকেই সুবিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই কমিটি মনে করে, মানবাধিকার প্রতিষ্ঠিত করার জন্য তিন বাহিনীর আইন সংশোধন হওয়া দরকার। এ জন্য তিন বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ আইন পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব কমিটিতে জমা দিতে বলা হয়েছে।’ তিনি জানান, সরকারের প্রস্তাবিত প্রতিরক্ষা নীতি নিয়েও গতকাল বৈঠকে আলোচনা হয়। তবে নীতিমালাটি চূড়ান্ত করতে আরও সময় লাগবে। কমিটি সশস্ত্র বাহিনীতে নারীর অংশগ্রহণ বাড়ানোরও সুপারিশ করেছে।স্পারসো সম্পর্কে ইদ্রিস আলী বলেন, প্রতিষ্ঠানটি ৩৮ বছর আগে কাজ শুরু করলেও আজ পর্যন্ত এর চূড়ান্ত নিয়োগবিধি নেই। সেখানে বিজ্ঞানীর ২৭টি এবং কর্মকর্তার ১৮টি পদ খালি রয়েছে। কমিটি ছয় মাসের মধ্যে সেখানে কর্মরত বিজ্ঞানী ও কর্মকর্তাদের পদ স্থায়ী করার এবং শূন্যপদে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।বৈঠকে অন্যান্যের মধ্যে সংসদীয় কমিটির সদস্য মোশাররফ হোসেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মঞ্জুর কাদের কোরাইশী এবং প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এম এ মান্নান অংশ নেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান, তিন বাহিনীর প্রধানেরা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।