তিন বাহিনীর প্রধান ও সচিবদের ওপরে জেলা জজদের রাখার নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি পদক্রমে (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও মুখ্য মহানগর হাকিমদের পরের ক্রমিকে থাকবে তিন বাহিনীর প্রধানদের নাম। এর পরের ক্রমিকে থাকবে সচিব পদমর্যাদার কর্মকর্তারদের নাম—এমন আট দফা নির্দেশনার আলোকে আগামী দুই মাসের মধ্যে সরকারি পদক্রম তৈরি করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি আদালত ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।পাশাপাশি আট দফা নির্দেশনার আলোকে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে তা হলফনামা আকারে আদালতে দাখিল করতে মন্ত্রিপরিষদ-সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আগামী ২০ মে এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও বর্তমানে পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক মো. আতাউর রহমানের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। গতকাল বুধবার থেকে রায় দেওয়া শুরু করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালত রায় প্রদান শেষ করেন।প্রতিক্রিয়া: এ প্রসঙ্গে রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আদালত বিদ্যমান ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। পাশাপাশি ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির জন্য আট দফা নির্দেশনা দিয়েছেন। আদালত জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মুখ্য মহানগর হাকিমদের পর তিন বাহিনীর প্রধান ও এরপর সচিব পদমর্যাদার কর্মকর্তারদের নাম উল্লেখ করে প্রিসিডেন্স তৈরি করার নির্দেশনা দিয়েছেন।মন্ত্রিপরিষদ-সচিবের আইনজীবী আবদুর রব চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। আট দফা নির্দেশনার আলোকে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করতে বলেছেন। এতে কী বলা হয়েছে, তা না দেখে মন্তব্য করা সমীচীন হবে না। এ নির্দেশের বিরুদ্ধে আপিল করা হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। তবে অনুলিপি পাওয়ার পর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।সংস্থাপন মন্ত্রণালয়ের কৌঁসুলি শ ম রেজাউল করিম বলেন, এ রায় অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। কারণ ওয়ারেন্ট অব প্রিসিডেন্স রাষ্ট্রীয় নীতিনির্ধারণীর বিষয়। হাইকোর্ট এ ক্ষেত্রে নির্দেশনা দিতে পারেন না। সরকারের সঙ্গে আলোচনা করে আপিল দায়ের করা হবে বলেও তিনি জানান।আদালতের নির্দেশনা: আদালতের নির্দেশনায় বলা হয়েছে, নতুন ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে প্রথমেই সবগুলো সাংবিধানিক পদ গুরুত্ব অনুসারে রাখতে হবে। এরপর থাকবে সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো। জেলা জজদের পদ সংবিধানে উল্লিখিত পদ হওয়ায় সাংবিধানিক পদগুলোর পরপরই তাদের স্থান হবে। সংবিধানে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী জেলা জজ বলতে অতিরিক্ত জেলা জজকেও বুঝায়, তাই অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম এবং মুখ্য মহানগর হাকিমদের জেলা জজদের পরপরই রাখতে হবে। পরের ক্রমিকে তিন বাহিনীর প্রধানকে রাখতে হবে। সরকারের সচিব পদমর্যাদার কর্মকর্তারা এরপর থাকবেন। এ ছাড়া নির্ধারিত কর্মপরিধির বাইরে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী জেলা জজদের প্রটোকল দেওয়ার কথা বলা হয়েছে।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন এম জহির, রোকনউদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান। সরকারের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। এ ছাড়া মন্ত্রিপরিষদ-সচিবের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রব চৌধুরী, সংস্থাপন মন্ত্রণালয়ের পক্ষে শ ম রেজাউল করিম মামলা পরিচালনা করেন।