তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে আপত্তি ছিল জওয়ানদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর জওয়ানদের দাবির মুখে তিন বাহিনীর প্রধানদের যমুনার সমঝোতা বৈঠক থেকে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর এক প্রতিমন্ত্রী, দুই সাংসদ ও প্রতিরক্ষা উপদেষ্টাকে নিয়ে ১৪ জন বিদ্রোহী জওয়ানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বিদ্রোহীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রতি দেওয়া হয়। কিন্তু বৈঠক শেষে পিলখানায় ফিরে মত পাল্টে ফেলেন জওয়ানেরা। তাঁরা বৈঠকের সিদ্ধান্ত মানতে অস্বীকার করেন।বিডিআর হত্যা মামলার সাক্ষ্য দিতে গিয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মির্জা আজম, সাংসদ ফজলে নূর তাপস এবং সেনা, নৌ ও বিমান—এই তিন বাহিনীর প্রধানেরা।জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ বলেন, এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জবানবন্দি নেওয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রী, সাংসদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শকসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে।পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হলো। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নৃশংস হত্যার শিকার হয়ে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ ব্যক্তি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ৫০০ দিন (১৬ মাস) তদন্ত করে গত বছরের ১২ জুলাই এ মামলার অভিযোগপত্র দাখিল করে। এতে ৮০১ বিডিআর জওয়ানসহ ৮২৪ জনকে অভিযুক্ত করা হয়। গত ৫ জানুয়ারি বকশি বাজারে স্থাপিত বিশেষ আদালতে এ মামলার বিচার শুরু হয়েছে। তবে বিচার শুরুর পর পরই তদন্ত কর্মকর্তা বর্ধিত তদন্তের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। বর্ধিত তদন্তে আরও অর্ধ শতাধিক আসামির নাম যুক্ত হতে পারে বলে সিআইডির কর্মকর্তারা আভাস দিয়েছেন।সিআইডির দাখিল করা অভিযোগপত্রে দেখা যায়, এ মামলায় মন্ত্রী, সাংসদ, তিন বাহিনীর প্রধান, সাংবাদিক, সেনা কর্মকর্তাসহ এক হাজার ২৮৫ জনকে সাক্ষী করা হয়েছে। এঁদের মধ্যে সেনা কর্মকর্তা ১০৬ জন, নিহতদের পরিবারের ৬৮ জন, বিডিআর সদস্য ১৮২, সাংবাদিক ১৫, সাধারণ মানুষ ১১০, পুলিশ সদস্য ২০২, র্যাব ৫৭, জব্দ তালিকার সাক্ষী ২৩০, দমকল বাহিনীর সদস্য ১০, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ৩৩, লাশের সুরতহালের সাক্ষী ১০২, চিকিৎসক ৩৭, ঘটনাস্থলের মানচিত্র তৈরির সাক্ষী তিন ও আগ্নেয়াস্ত্র পরীক্ষার সাক্ষী তিন জন। সিআইডির কর্মকর্তারা জানান, জবানবন্দি দেওয়া ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, ওয়ারেসাত হোসেন (নেত্রকোনা), শেখ ফজলে নূর তাপস, মুশতাক আহমেদ রুহী (নেত্রকোনা), মাহবুব আরা গিনি (গাইবান্ধা), তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান, নৌ বাহিনীর প্রধান জেড ইউ আহমেদ, পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ, র্যাবের তৎকালীন মহাপরিচালক ও বর্তমানে আইজিপি হাসান মাহমুদ খন্দকার।সূত্র জানায়, এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিডিআর বিদ্রোহের সময় তিনি বিদ্রোহী জওয়ানদের সঙ্গে বৈঠক করেন। গভীর রাতে তিনি পিলখানায় গিয়ে জিম্মি করা কয়েকজনকে বের করে আনেন। সাহারা খাতুন তাঁর জবানবন্দিতে বলেন, ওই দিন (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় তিনি আইজির ফোনে বিদ্রোহের কথা জানতে পারেন। এর পর পরই তিনি যমুনায় প্রধানমন্ত্রীর বাসভবনে যান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বুলেট প্রুফ গাড়িতে করে তিনি পিলখানায় যান। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর রাত সাড়ে আটটা পর্যন্ত অস্ত্র জমা না দেওয়ার কারণে হোটেল আম্বালা ইনে বসে তিনি জওয়ানদের সঙ্গে আলোচনা শুরু করেন। আলোচনার পর রাত একটার দিকে তিনি আইন প্রতিমন্ত্রী ও আইজিপিকে নিয়ে পিলখানার ভেতরে যান। তখন চারদিকে অন্ধকার ছিল। জওয়ানেরা চারদিক থেকে তাঁদের গাড়ি ঘিরে রেখেছিল। বিডিআর জওয়ানেরা অল্প কয়েকটি বাতি জ্বালিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করেন। জওয়ানেরা অস্ত্র জমা দিতে রাজি হন। এরপর তাঁর উপস্থিতিতে কেন্দ্রীয় কোয়ার্টার গার্ডে কিছু সংখ্যক বিডিআর সদস্য অস্ত্র জমা দেন। পরে তিনি কর্মকর্তাদের বাসস্থান থেকে লে. কর্নেল কামরুজ্জামানের পরিবার, লে. কর্নেল আকবরের পরিবার, মেজর নওরোজের পরিবার, মেজর ফিরোজের পরিবারসহ ১০টি পরিবার এবং অফিসার্স মেস এলাকা থেকে ক্যাপ্টেন মাজহারের স্ত্রীকে উদ্ধার করেন। ভোর সাড়ে চারটায় তিনি পিলখানা থেকে বের হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁকে ঘটনা জানান। পরদিন প্রধানমন্ত্রীর ভাষণের পর বিদ্রোহীরা অস্ত্র জমা দিলে তিনি তা মহানগর পুলিশ কমিশনারকে গ্রহণ করতে বলেন।জবানবন্দির ব্যাপারে জানতে চাইলে সাহারা খাতুন প্রথম আলোকে বলেন, তিনি ওই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সিআইডিকে জানিয়েছিলেন। মামলার অপর সাক্ষী জাহাঙ্গীর কবির নানক বলেন, ওই দিন প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তিনি হুইপ মীর্জা আজমকে সঙ্গে নিয়ে বেলা দুইটার দিকে বিডিআর ৪ নং গেটে যান। সাংসদ ওয়ারেসাত হোসেন, মুশতাক আহমেদ, মাহাবুব আরা তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা হ্যান্ড মাইকে তাঁদের উপস্থিতির কথা ঘোষণা করলে বিডিআর জওয়ানেরা গুলি ছুড়েন। একপর্যায়ে বিদ্রোহীরা আলোচনায় রাজি হলে সাদা পতাকা হাতে নিয়ে তাঁরা পিলখানার ভেতরে ঢুকেন। জওয়ানেরা বলেন, দাবি না মানলে তারা সব বিওপি, সচিবালয় ও বিশ্ববিদ্যালয় গুড়িয়ে দেবে।নানক জবানবন্দিতে বলেন, যমুনায় বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সামনে তিন বাহিনীর প্রধানেরা ছিলেন। তখন বিদ্রোহী জওয়ানেরা জানান, তিন বাহিনীর লোকজন থাকলে তাঁরা আলোচনায় বসবেন না। এরপর প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানকে বাইরে যেতে বলেন।নানক বলেন, হাবিলদার রফিক উত্তেজিতভাবে তাঁদের দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানতে চান, ভেতরের পরিস্থিতি কি? জবাবে জওয়ানেরা জানিয়েছিলেন, ভেতরে সবাই ভালো আছেন। সবাইকে একটি স্থানে জড়ো করে রাখা হয়েছে। প্রধনামন্ত্রী বিডিআর সদস্যদের দাবি পর্যায়ক্রমে পূরণ করার কথা বলেন।জবানবন্দিতে নানক আরও বলেন, সন্ধ্যা ছয়টার দিকে সবাই পিলখানায় ফিরে যান। তিনি ফোন করে জওয়ানদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। রাত আটটার দিকে তাঁরা জানান, আলোচনার সিদ্ধান্ত সাধারণ জওয়ানেরা মানছে না। এরপর আলোচনার জন্য নতুন দল আসে।ফজলে নূর তাপস জবানবন্দিতে বলেন, বিডিআর বিদ্রোহের দুই মাস আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বিডিআর সদস্য জাকিরের নেতৃত্বে কয়েকজন জওয়ান তাঁর কাছে আসেন। তাঁরা বিডিআরের বিভিন্ন সমস্যার কথা তাঁকে জানান। এসব সমস্যা প্রধানমন্ত্রীর কাছে জানানো হবে বলে তিনি জওয়ানদের জানান। এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ ফজলে নূর তাপস কোনো মন্তব্য করতে রাজি হননি। শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিদ্রোহের কয়েকদিন আগে ১৩ ফেব্রুয়ারি কয়েকজন জওয়ান তাঁর কাছে আসেন। তাঁরা নিজেদের দাবির কথা জানালে তিনি বলেন, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপার। এরপর জওয়ানেরা চলে যান।সেনাবাহিনীর তৎকালীন প্রধান মইন উ আহমেদ জবানবন্দিতে বলেন, ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে সেনা সদরের সভাকক্ষে বছরের দ্বিতীয় নিয়মিত জিএসপিসি সভা চলাকালে বিদ্রোহের বিষয়টি জানতে পারেন। এরপর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড থেকে যত দ্রুত সম্ভব সর্বাধিক সেনাদল পাঠানোর নির্দেশ দেন। সেনাপ্রধান বলেন, সকাল ১১টার দিকে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। পরে বিমান ও নৌ বাহিনী প্রধান সেখানে আসেন। পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেন। আলোচনার ভিত্তিতে রাজনৈতিক আলোচনার পথ সুগম করতে সেনা ইউনিটগুলোকে আরও পেছনে অবস্থান করতে বলা হয়। বিদ্রোহীদের সঙ্গে সমঝোতায় আসার জন্য ২৫ ফেব্রুয়ারি রাত ১০টার পর ইউনিটগুলো পেছনে সরে যায়। বিমান বাহিনীর প্রধান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি হেলিকপ্টার পিলখানায় পাঠানো হলে সেটি গুলিবিদ্ধ হয়।নৌ বাহিনীর প্রধান জানান, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নৌ বাহিনীকে সতর্ক করা হয়।প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কাহার আকন্দ বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে।