তিন বিদ্যালয়, তিন অধ্যক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নালন্দা বিদ্যালয়শুধু গান নয়, শিশুশিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে—এমন উদ্দেশ্য নিয়েই ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। ছায়ানটের সংস্কৃতি সমন্বিত সাধারণ শিক্ষা কার্যক্রমের অংশ। বলছিলাম ঢাকার নালন্দা বিদ্যালয়ের কথা। কথা হয় এই বিদ্যালয়ের অধ্যক্ষ মোমেনা বেগমের সঙ্গে। ‘আসলে আমরা এখনো উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে যাচ্ছি। গতানুগতিক ধারায় এখানে পাঠদান করা হয় না। নালন্দার শিক্ষকদের শিক্ষাকর্মী বলা হয়। অঙ্কুর, কিশলয়, মঞ্জুরি প্রাক্-স্কুল কার্যক্রমে বই থেকে সরাসরি শিক্ষাদান করা হয় না। ওরা প্রকৃতি ও তাদের চারপাশ থেকে শিক্ষাগ্রহণ করে। যখন গণিতের সংখ্যা শেখানো হয়, তখন সরাসরি এক থেকে ১০ এভাবে মুখস্থ করানো হয় না। চারপাশ থেকে যা দেখছে, সেভাবে গণনা শিখিয়ে থাকেন শিক্ষাকর্মীরা। বাইরে নিয়ে পোকামাকড়, গাছপালা—এসব চিনিয়ে দেওয়া হয়।‘ব্যবহারিক ক্লাসে গিয়ে ওদের ধারণা পরিষ্কার হয়। এ ছাড়া তৃতীয় শ্রেণী থেকে সাহিত্যের মাধ্যমে ব্যাকরণ পরিচিতি, ভাষার বিন্যাস শেখে ওরা। সৃজনশীলতা সৃষ্টির প্রথম ধাপে উন্নীত হয় শিশুরা। ছোটদের উপযোগী বাংলা, ইংরেজি সাহিত্য ওদের পড়তে দেওয়া হয়। বিভিন্ন ছড়া-কবিতার বইও ওরা পড়ে। হয়তো সুকুমার রায়ের কোনো ছড়া থেকে গদ্যে রূপান্তর করতে বলা হলো। তৎ ক্ষণাৎ ওরা তা করে ফেলে। তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা দিতে হয় না। চতুর্থ শ্রেণীতে প্রথম পরীক্ষা দেয় ওরা। উৎ সবের মাস হিসেবে তা ওদের সামনে উপস্থাপন করা হয়।’মোমেনা বেগম আরও বলেন, ‘নালন্দা শুরুর প্রস্তুতি থেকেই এর সঙ্গে আছি। উচ্চ ডিগ্রিধারী কোনো শিক্ষাকর্মী এখানে না থাকলেও তাঁদের মধ্যে আছে ভালোবাসার ক্ষমতা আর ধৈর্য, যা শিক্ষাকর্মী হওয়ার অন্যতম শর্ত। তাঁরাই তো সার্বক্ষণিক শিশুদের সঙ্গে থাকবেন, যাতে তাঁরা শিশুদের নিজের জ্ঞান দিতে পারেন। শিশুর থেকেও নিজেরা শিখতে পারেন।’ সন্জীদা খাতুন নিজে তাদের প্রশিক্ষণ দেন, যাতে করে প্রত্যেক শিশুকে পূর্ণ মানসিক সম্মান দেওয়া হয়। সেই সঙ্গে তাকে মতামত প্রকাশের অধিকারও দিতে হবে। ‘বিশেষ দিবসে শুধু কার্যক্রম গ্রহণ না করে প্রতিদিনই নিজের সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয়। শীতের সময়ে পিঠা-পায়েসের মধ্যে সীমাবদ্ধ না থেকে ভিন্নভাবে শীতের উৎ সব পালন করা হয়। তেমনিভাবে নবান্ন উৎ সব, বসন্ত উৎ সব ও জাতীয় সব উৎ সব ও দিন পালন করা হয়। শিশুরা যেন আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে, সেটিই মূল বিষয়। লেখাপড়ার পাশাপাশি কোনো বিশেষ বিষয়ে পারদর্শী বা আগ্রহী হলে তা শেখানো হয়। সহজ সম্পর্ক তৈরি হবে মানুষের সঙ্গে মানুষের। এখানে সমাজের সব শ্রেণীর ছেলেমেয়ের লেখাপড়ার সুযোগ রয়েছে। যদিও আমাদের আসনসংখ্যা সীমিত। নবম শ্রেণী পর্যন্ত ওরা শিক্ষালাভ করে। অনেকেই ভেবেছিলেন, ওদের তো পরীক্ষা দেওয়ার অভ্যাস নেই। ফলাফল কেমন করবে। সেখানেও তারা মেধা ও যোগ্যতা প্রমাণ করেছে। আসল কথা হলো, ওরা যেন সচেতন মানুষ হয়। যারা সমাজকে সমৃদ্ধ করবে। ওরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। স্বপ্নের বাস্তব রূপ দেবে এই শিশুরাই। তাই তো ওদের সঙ্গে আছি। ভবিষ্যতেও থাকব।’ অরণি বিদ্যালয় সুস্থবোধসম্পন্ন মানুষ তৈরির স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের প্রতিফলন ঘটাতে চান বিদ্যালয়টিতে। সেখানে শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন নিরন্তর। অরণি বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাত সুলতানার আজীবন স্বপ্ন এটি। তাই তো তিল তিল করে গড়ে তুলেছেন বিদ্যালয়টি। স্বপ্নের বাস্তব রূপ দেওয়ার জন্য পরিশ্রম করে চলেছেন। ‘শিক্ষকতা পেশার সঙ্গেই জড়িয়ে আছি কর্মজীবনের শুরু থেকে। অন্য কোনো কাজের কথা ভাবিনি। অরণি বিদ্যালয়ের শুরু থেকেই আমি অধ্যক্ষ হিসেবে আছি। ২০০৩ সালের জানুয়ারিতে বিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়। সে সময় আরও কয়েকটি কাজের সুযোগ এসেছিল। অনেক বেশি সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও তা গ্রহণ করিনি। ব্যক্তিগত জীবনে তার প্রয়োজন ছিল। নিজের সঙ্গে বোঝাপড়া করলাম। আসলে আমি কী করতে চাই। সিদ্ধান্ত নিলাম, শিক্ষকতা পেশার সঙ্গেই বাকি জীবনটা কাটিয়ে দেব।’ কথাগুলো বলছিলেন অরণি বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাত সুলতানা। ‘উদ্দেশ্যগত দিক থেকে এটি ভিন্ন ধারার বিদ্যালয় হবে। এটি শুনেই বেশি আগ্রহবোধ করেছিলাম। ঢাকার ধানমন্ডি এলাকার অনেক নামীদামি স্কুলের পাশে এর প্রতিষ্ঠা এক ধরনের চ্যালেঞ্জ। এখন মনে হয়, সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ব্যর্থ হইনি। অসুস্থ প্রতিযোগিতা না করে সুস্থভাবে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা সব শিক্ষকের। বাংলা মাধ্যমের এ বিদ্যালয়ে শুধু বাংলা ভাষাই নয়, পাশাপাশি পূর্ণভাবে ইংরেজি ভাষার প্রতি জোর দেওয়া হয়। তবে আমরা মনে করি, নিজের মাতৃভাষাকে শুদ্ধভাবে বলতে ও লিখতে পারলে পৃথিবীর যেকোনো ভাষা রপ্ত করা কঠিন নয়। শুধু বিশেষ দিবস বা মাসকে কেন্দ্র করে নয়, প্রতিটি দিনই নিজের দেশ, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো হয়। বাংলা সৃজনশীল লেখা, এমনকি ছুটির সময় বাংলা গল্পের বই পড়তে উৎ সাহিত করি। ছেলেমেয়েরা ছুটিতে গল্পের বই কয়টি পড়ল, তা পড়ে কী মনে হয়েছে—এসব লিখে আনতে বলা হয়। ছুটি কাটানোর গল্পটাও আমরা জানতে চাই। এ থেকে শিশু প্রথাগত শিক্ষাপদ্ধতি থেকে বের হয়ে এসে বাইরের জ্ঞান অর্জন করছে। শ্রেণী শিক্ষকেরাও এ বিষয়ে সব সময় সচেতন থাকেন। শুধু পাঠ্যপুস্তকে তাদের জানা যেন সীমাবদ্ধ না থাকে। বয়স উপযোগী করে শিক্ষকেরা তাদের এ দেশের ইতিহাস, খাল-বিল, নদী-নালা, বিশেষ দিবস সম্পর্কে আলোচনা করেন। সারা বছরই এ কার্যক্রম চলে। অনেকেই ভাবতেন, এখানকার শিক্ষাপদ্ধতি সময়োপযোগী নয়। আমাদের স্কুলের একটি শিশুর থেকে অন্য স্কুলের শিশুরা হয়তো এগিয়ে আছে। এই ভুল ধারণা ভেঙে দিতে পেরেছি। প্রথাগত পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় না। কেননা, প্রতিটি শিশুর ধারণক্ষমতা, বোঝার ক্ষমতা এক রকম নয়। দুর্বল শিশুটির প্রতি বাড়তি যত্ন নেওয়া হয়। বাড়ির জন্য বাড়তি পড়া দেওয়া হয় না। ক্লাসেই সব পড়া শেখানো হয়। যে কারণে প্রতিটি ক্লাসে ২৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা হয় না। অতিরিক্ত শিক্ষার্থী হলে সবার প্রতি সমান মনোযোগ দিতে পারবেন না শিক্ষকেরা। পড়াশোনার বাইরে অন্যান্য প্রতিভার প্রতিও সমান জোর দেওয়া হয়। কেউ গল্প লিখতে, কেউ ছবি আঁকতে, কেউ বা গান কিংবা নাচ করতে পছন্দ করে। তাতে যেন সে আরও এগিয়ে যায়, সে বিষয়ে অনুপ্রেরণা দেওয়া হয়। স্কুল থেকেই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়। তাহলে তারা আত্মবিশ্বাসী হবে। এ ছাড়া সামাজিক বিভিন্ন ইস্যু, সমস্যা, সাফল্য নিয়েও তারা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে। প্রত্যেক শিক্ষকই প্রশিক্ষণপ্রাপ্ত। তাঁরাও তাদের কাছে জনপ্রিয়। প্রাথমিক শিক্ষা সমাপনীতে শিক্ষার্থীরা ভালো ফল করেছে। তারা তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে।’ ইসমাত সুলতানা এই শিক্ষার্থীদের মাঝেই নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে চান। আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুল‘শুরুটা হয়েছিল ২০০৩ সালে। ঠিক দুই বছর পর ২০০৫ সালে আমি প্রাইমারি স্কুল শাখার অধ্যক্ষ হিসেবে যোগদান করি। অনেকেই মনে করেন, এখানকার শিক্ষা মাধ্যম বাংলা। ফলে সহজে বোঝা যায় ইংরেজি মাধ্যমের বিদ্যালয় হওয়া সত্ত্বেও বাংলা ভাষার প্রতি কতখানি গুরুত্ব দেওয়া হয়।’ বলেন আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুলের প্রাইমারি শাখার অধ্যক্ষ সামসে আরা হাসান। ‘প্রথম যখন শিশুটি ভর্তি হয়, তার মতো করে শিক্ষাদান করা হয়। একটি বইয়ের মধ্যে আবদ্ধ না রেখে তার উপযোগী অনেক বই সামনে রাখা হয়। তার যেটি পছন্দ, সে তা-ই পড়ে। আমাদের স্কুলে নার্সারি ক্লাস পর্যন্ত ইংরেজিতে কোনো কথা বলানোর চেষ্টা করা হয় না। কারণ, নিজের ভাষা শুদ্ধভাবে লিখতে ও বলতে পারলে অন্য ভাষা দ্রুত শিখতে পারবে। লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করার সুযোগ পেয়েছিলাম। সে সময়ই দেখলাম, একটি বিষয়ের ওপর শিশুদের জন্য ৫০০টি বই রয়েছে। সেসব বই জানার ও দেখার সুযোগ হয় তাদের। আমরা ৫০০টি বই না পারলেও পাঁচটি বই দেওয়ার চেষ্টা করেছি। স্কুল প্রাঙ্গণে এলে মনে হবে না কোনো ইংরেজি মাধ্যমের স্কুলে এসেছি। কেননা, প্রতিটি শিশু বাংলায় কথা বলছে। বাংলা পঠন বা সৃজনশীল লেখা সবই তারা যেকোনো বাংলা মাধ্যমের শিক্ষার্থীর মতো পারে। বাড়িতেও ইংরেজিতে কথা বলতে আমরা উৎ সাহিত করি না। ক্লাস ঘুরে ঘুরেও তা দেখা যায়। মনের মতো করে ছবি এঁকেছে শিশুরা। ছবির কথাগুলো নিজের ভাষা দিয়ে প্রকাশ করেছে। সামসে আরা হাসান আরও বলেন ‘আমরা চেয়েছি, বইকে ইতিবাচকভাবে শিশুদের সামনে আকৃষ্ট করতে। শিশুর মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, আবেগ, বুদ্ধিসত্তা ও শারীরিক বিকাশ যেন সুষ্ঠুভাবে হয়। অর্থাৎ শিশুর সার্বিক বিকাশের পথকে সুগম করে দেওয়াই আমাদের উদ্দেশ্য। এ প্রজন্মের শিশুরা প্রকৃতির কাছে যাওয়ার সুযোগ পায় না। ফলে বাস্তবসম্মতজ্ঞান কম থাকে। সে জন্য এমনভাবে ওদের বিভিন্ন প্রজেক্ট ও অ্যাসাইনমেন্টের মাধ্যমে লেখাপড়া করানো হয়। এতে তারা ব্যবহারিক জ্ঞান লাভ করে। আমাদের স্কুলে শিক্ষার্থীদের ভীতিহীন পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। কখনোই ক্লাসে বলা হয় না, “তুমি কেন এটা পারছ না? ও তোমার থেকে ভালো পারে।” এ ধরনের কোনো নেতিবাচক শব্দ ওদের সামনে বলেন না কোনো শিক্ষক। এতে ওরা নিরাপত্তাহীনতায় পড়বে। সব শিশুর মেধা এক নয়। তাদের উপেক্ষা করা যাবে না। যে অবস্থায় সে বর্তমানে আছে, সেখান থেকে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ফলে শিক্ষকদের সঙ্গে তাদের সহজ স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে। তারা তাদের মনের কথা বলতে পারবে। তাদের কথা বলার ক্ষমতা তৈরি হবে। সুনাগরিকের জন্য এটি খুবই দরকার। ফলে তারা আত্মবিশ্বাসী হবে। তাদের চিন্তা করার ক্ষমতা বাড়বে। বিশ্লেষণ করতে পারবে। জানতেও আগ্রহী হবে। এ ছাড়া আমাদের স্কুলে স্বাভাবিক শিশুদের সঙ্গে প্রতিবন্ধী শিশুরাও লেখাপড়া করে থাকে। ওদের জন্য আলাদা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। কোনোভাবেই ওরা যেন নিজেদের বঞ্চিত মনে না করে, সে বিষয়ে তাঁরা সচেতন থাকেন। আমার স্বপ্ন, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা। তারই ধারাবাহিকতায় এই স্কুলে কাজ করছি। অসুস্থ প্রতিযোগিতা না করেও ছেলেমেয়েরা ভালো করতে পারবে, যা এই স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগিতায় প্রমাণ করেছে। শুধু স্বাক্ষর করা নয়, প্রাথমিক শিক্ষা প্রত্যেক শিশুর অধিকার। কেউ যেন ঝরে না পড়ে। সেই পরিবর্তনের জন্যই কাজ করে যাব।’ সাক্ষাৎ কার নিয়েছেন তৌহিদা শিরোপা