তিন বিদ্যুৎকেন্দ্রসহ ক্রয় কমিটিতে আট প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে তিনটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের দরপ্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কেন্দ্রগুলো হবে চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায়। এর মধ্যে দুটি কেন্দ্র হবে কয়লাভিত্তিক। আরেকটি দ্বৈত জ্বালানিভিত্তিক। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদ্যোগ দেশে এই প্রথম। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে তিন বিদ্যুৎকেন্দ্রসহ মোট আটটি দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন।বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, তিনটি বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি বৈঠকে জ্বালানি তেল আমদানির তিনটি আলাদা দরপ্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। জুলাই-ডিসেম্বর, ২০১১ প্রান্তিকে মালয়েশিয়া, চীন ও ফিলিপাইন থেকে এই তেল আমদানি করা হবে।সূত্র জানায়, দেশের প্রথম কয়লাভিত্তিক এই বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে শিল্পগোষ্ঠী ওরিয়ন গ্রুপ। ওরিয়ন তার নিজস্ব জমিতে এই কেন্দ্র করবে। কয়লা আমদানি করা হবে ইন্দোনেশিয়া থেকে। নুরুল করিম জানান, চট্টগ্রামে কয়লাভিত্তিক ১৫০ থেকে ৩০০ মেগাওয়াটের আইপিপি (ইনডিপেন্ডেন্ট) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পেয়েছে যৌথভাবে লংকিং-ওরিয়ন জয়েন্টভেঞ্চার কনসোর্টিয়াম। নির্মাণ, মালিকানা ও পরিচালনাভিত্তিক (বিওও) এই কেন্দ্র থেকে সরকার প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুৎ কিনবে তিন টাকা ৭৯ পয়সা দরে।খুলনায় কয়লাভিত্তিক ১৫০ থেকে ৩০০ মেগাওয়াটের একটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজটিও পেয়েছে যৌথভাবে লংকিং-ওরিয়ন জয়েন্টভেঞ্চার কনসোর্টিয়াম। বিওওভিত্তিক এই কেন্দ্র থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে তিন টাকা ৭৬ পয়সা দরে।এ ছাড়া কুমিল্লার জাঙ্গালিয়ায় ৫২ দশমিক ২ মেগাওয়াটের একটি আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। শ্রীলঙ্কাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে সরকার প্রতি ইউনিট বিদ্যুৎ কিনবে চার টাকা ৭৭ পয়সা দরে।জ্বালানি তেল কেনার বিষয়ে নুরুল করিম জানান, জুলাই-ডিসেম্বর প্রান্তিকে মালয়েশিয়ার পেট্রোনাস ট্রেডিং করপোরেশন থেকে চার হাজার ১৯২ কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার। এর মধ্যে রয়েছে তিন লাখ ৯৫ হাজার টন গ্যাস অয়েল, এক লাখ ৪০ হাজার টন ফার্নেস তেল, ৬০ হাজার টন জেট এ ওয়ান ও ৫০ হাজার টন কেরোসিন।একই সময় চীন থেকে কেনা হবে ৯৯৪ কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল। এর মধ্যে রয়েছে ৯২ হাজার টন গ্যাস অয়েল, ১০ হাজার টন কেরোসিন, ১০ হাজার টন জেট এ ওয়ান ও ২০ হাজার টন ফার্নেস তেল। এ ছাড়া সরকার এক হাজার ১২১ কোটি টাকার জ্বালানি তেল কিনবে ফিলিপাইন থেকে। এর মধ্যে রয়েছে এক লাখ ২০ হাজার টন গ্যাস অয়েল ও ৩০ হাজার টন মোগেস অয়েল।মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সদর-খাসেরহাট রাস্তায় একটি সেতু এবং নরসিংদীতে মেঘনা নদীর ওপর নরসিংদী-করিমপুর রাস্তায় আরেকটি সেতু নির্মাণের দরপ্রস্তাবও অনুমোদন দেওয়া হয় বৈঠকে।নুরুল করিম জানান, বৈঠকের আলোচ্যসূচিতে না থাকলেও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন গম কেনার জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। কাজ পেয়েছে এমসন্স নামের একটি প্রতিষ্ঠান।