সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে গত তিন দিনে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে সাড়ে পাঁচ লাখ মানুষ নিবন্ধন করেছেন। ওই তিন বিভাগের কারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন, সেটি নির্ধারণে কাল শনিবার প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে লটারি হবে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) সহায়তায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এই নিবন্ধন সম্পন্ন করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায় দেশের ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রগুলোতে নিবন্ধন চলছে। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ জানুয়ারি নিবন্ধন শুরু হয় এবং আজ শুক্রবার তা শেষ হয়।নিবন্ধন প্রসঙ্গে আইআইসিটির পরিচালক ও বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলাম আজ রাতে প্রথম আলো ডটকমকে জানান, রাত আটটা পর্যন্ত রাজশাহী বিভাগে এক লাখ ৮৯ হাজার ১৪৯ জন নিবন্ধন করেন। রংপুর বিভাগে দুই লাখ নয় হাজার ১০২ জন এবং সিলেটে এক লাখ ২৩ হাজার ৩০৭ জন নিবন্ধন করেছেন। এখনো অনেক নিবন্ধনের তথ্য আসছে। তিনি বলেন, ঢাকা বিভাগে চার লাখ ২৫ জন নিবন্ধন করেছেন। সব মিলিয়ে সারা দেশে নয় লাখ ১৫ হাজার ৮৫৩ জন নিবন্ধন করেছেন।সাইফুল ইসলাম আরও জানান, তিন দিনের নিবন্ধন শেষে ঢাকা ও বরিশাল বিভাগে লটারি হয়ে গেছে। ঢাকা বিভাগ থেকে ১১ হাজার ৫৫৬ জন এবং বরিশালে দুই হাজার ৫৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। কাল থেকে খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন শুরু হবে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। এই দুই বিভাগে লটারি হবে ২২ জানুয়ারি।মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে। তাই সারা দেশে এখন এই খাতে কর্মী নেওয়ার জন্য নাম নিবন্ধন চলছে। সরকারিভাবে মালয়েশিয়া যেতে ৪০ হাজার টাকা খরচ হবে। বনায়ন খাতের এই কর্মীরা ন্যূনতম ২৫ হাজার টাকা বেতন পাবেন।