তিন বিশ্ববিদ্যালয়কে অর্থ বরাদ্দ দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ, কুমিল্লা এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের খরচ চালাতে তাদের নিজস্ব আয়ের পাশাপাশি সরকারও অর্থ বরাদ্দ দেবে। এমন বিধান রেখে তিনটি বিশ্ববিদ্যালয়ের আইন পরিবর্তন করতে আজ সোমবার সংসদে পৃথক তিনটি বিল উত্থাপিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন করতে বিল তিনটি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিল তিনটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫-এর ২৭ ধারায় বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়নের পরে এর ব্যয় জোগানে সরকারের বরাদ্দ ধীরে ধীরে কমতে থাকবে এবং পঞ্চম বছর থেকে ব্যয়ের শতভাগ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে বহন করতে হবে।২০০৬ সালে প্রণীত কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইনেও একই বিধান রাখা হয়েছিল। তবে এ ক্ষেত্রে সময়সীমা ছিল ১০ বছর।প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উত্স থেকে আয় এবং সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ করা অর্থ দ্বারা বিশ্ববিদ্যালয় ব্যয় নির্বাহ করবে। তবে শর্ত থাকে যে, বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে নিজস্ব আয় বাড়ানোর চেষ্টা অব্যাহত রাখবে। তিনটি বিলেরই উদ্দেশ্য ও কারণ-সম্পর্কিত বিবৃতিতে শিক্ষামন্ত্রী বলেন, তত্কালীন সরকারের আমলে প্রণীত বিশ্ববিদ্যালয় আইনের এই বিধানটি বাস্তবসম্মত, শিক্ষা সহায়ক ও যুক্তিযুক্ত নয় বিধায়, সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনতে প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন।এরপর সংসদের অধিবেশন কাল মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়।