তিন বিশ্ববিদ্যালয়কে টাকা দিতে অর্থ মন্ত্রণালয় রাজি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল আয় থেকে ব্যয় নির্বাহ করার শর্তে। এর মধ্যে নির্দিষ্ট পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলছে, এটা সম্ভব নয়। আর ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট ১০ বছর মেয়াদ পূরণ করার আগেই বলছে, আয় দিয়ে ব্যয় নির্বাহ করা সম্ভব নয়।এই প্রেক্ষাপটে তিনটি বিশ্ববিদ্যালয় দাবি করে আসছিল, আয় থেকে ব্যয় চালানোর ধারাটি সংশোধন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তাব পাঠিয়েছিল অর্থ মন্ত্রণালয়ের কাছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, এসব সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বরাদ্দ দেওয়া সম্ভব নয়।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটের বেশির ভাগ অর্থ দেয় সরকার। কিন্তু আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে। এভাবে চলতে পারে না। তাই নিজস্ব আয় থেকে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছিল। তিনি বলেন, ওই বিশ্ববিদ্যালয়গুলোও সমস্যার মধ্যে আছে। কীভাবে এ সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।’জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের (২০০৫) ২৭(৪) ধারায় বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পৌনঃপুনিক ব্যয় যোগানে সরকার কর্তৃক প্রদেয় অর্থ ক্রমান্বয়ে হ্রাস পাইবে এবং পঞ্চম বৎসর হইতে উক্ত ব্যয়ের শতভাগ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও উৎস হইতে বহন করিতে হইবে।’কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন (২০০৬) এর ২৭(৩) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন (২০০৬) এর ২৭(৩) ধারায়ও একই কথা বলা আছে। তবে এ দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য সময় দেওয়া আছে ১০ বছর করে। ২০০৬-২০০৭ অর্থবছর থেকে এ বিশ্ববিদ্যালয় তিনটির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে অর্থ বরাদ্দ দেওয়া শুরু করে সরকার।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনটি বিশ্ববিদ্যালয়েই নিজস্ব আয় বাড়াতে শিক্ষার্থীদের বেতনসহ বিভিন্ন ফি বাড়ানো হয়। সে সময় ফি বাড়ানো গেলেও পরে তা কার্যকর থাকেনি। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিশ্ববিদ্যালয় তিনটিতে ছাত্র আন্দোলনের মুখে বেতন কমানো হয়।বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর জন্য পৌনঃপুনিক ব্যয় না কমিয়ে বাড়ানো হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় চালু হওয়ার পর প্রথম বছর ২০০৬-২০০৭ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ ছিল এক কোটি ৫০ লাখ টাকা, আর ২০০৮-২০০৯ সালে মোট মঞ্জুরি দেওয়া হয় নয় কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে পৌনঃপুনিক মঞ্জুরি দেওয়া হয় এক কোটি ৬৫ লাখ টাকা।কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য ২০০৬-২০০৭ অর্থবছরে বরাদ্দ ছিল ৭৪ লাখ টাকা। ২০০৮-২০০৯ অর্থবছরে বিশ্ববিদ্যালয়কে পৌনঃপুনিক মঞ্জুরি দেওয়া হয় দুই কোটি ৩১ লাখ টাকা।২০০৬-২০০৭ অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ ছিল এক কোটি ৫০ লাখ টাকা। ২০০৮-২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টির জন্য পৌনঃপুনিক মঞ্জুরি দেওয়া হয় নয় কোটি ৩০ লাখ টাকা।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের প্রধান উৎস শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা বিভিন্ন ফি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি বড় অংশই মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাদের পক্ষে উচ্চ ফি দেওয়া সম্ভব নয়। বেতন-ভাতা বাড়াতে গেলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়তে হয়।প্রথম প্রকল্প ব্যর্থ: ২০০৫ সালে সর্বপ্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন করে নিজস্ব আয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় চালানোর প্রকল্প নেওয়া হয়। সম্পূর্ণ নিজস্ব আয়ে যেতে বিশ্ববিদ্যালয়টিকে পাঁচ বছর সময় দেওয়া হয়। চলতি অর্থবছরে তাদের সে সময় পার হচ্ছে। পাঁচ বছরে নিজস্ব আয়ের মাধ্যমে পুরো ব্যয় নির্বাহের সক্ষমতা অর্জন দূরের কথা, দিন দিন আয় কমছে বিশ্ববিদ্যালয়টির।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৮-২০০৯ অর্থবছরে মোট বাজেটের ৪৩ ভাগ জোগান দিয়েছিল বিশ্ববিদ্যালয়টি। পরের বছর অর্থাৎ ২০০৯-২০১০ অর্থবছরে মোট বাজেটের ৪৫ শতাংশ জোগান দেয় কর্তৃপক্ষ। কিন্তু পরের বছর মোট বাজেটে বিশ্ববিদ্যালয়ের অবদান অনেক কমে যায়। গত অর্থবছরে মোট বাজেটের মাত্র ৩০ শতাংশের জোগান দিতে পেরেছিল বিশ্ববিদ্যালয়। আর চলতি অর্থবছরে মোট ব্যয়ের মাত্র ২৭ শতাংশ জোগান দিতে পারবে বলে ধরা হয়েছে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শওকত জাহাঙ্গীর জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বাড়ছে না, বরং কমছে। কারণ, বিশ্ববিদ্যালয়ের আয়ের একমাত্র উৎস শিক্ষার্থীদের দেওয়া বিভিন্ন ফি। সনাতন পদ্ধতির (কলেজ থাকাকালে) শিক্ষার্থীরা এখন বের হয়ে যাচ্ছে। যখন বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে তখন শিক্ষার্থী ছিল ৩০ হাজার। এখন নেমে এসেছে ২১ হাজারে। আর দুটি ব্যাচ আছে, সেগুলো চলে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হবে ১৭ হাজার। ফলে বিশ্ববিদ্যালয়ের আয় আরও কমে যাবে। এই অবস্থায় সরকারি মঞ্জুরি না পেলে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে।শওকত জাহাঙ্গীর আরও জানান, বিশ্ববিদ্যালয়টিতে এখন শিক্ষার্থীদের বছরে ব্যয় করতে হয় চার থেকে পাঁচ হাজার টাকা। যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুদান বন্ধ করে দেয়, তাহলে শিক্ষার্থীদের ব্যয় বেড়ে দাঁড়াবে অন্তত ২০ হাজার টাকায় এবং ফি বছর ওই ব্যয় বাড়বে।উপাচার্যদের কথা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, নিজস্ব আয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় চলবে, এটি অসম্ভব। তিনি এটাকে অবাস্তব, অর্থহীন প্রচেষ্টা বলে আখ্যা দেন। তিনি বলেন, ১০০ টাকা ফি বাড়ালেই ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেখানে কয়েক হাজার টাকা ফি বাড়ানো হলে বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে। কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াস উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁদের এখনো কিছু জানানো হয়নি। তবে এটি হলে বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব হবে না।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন বলেন, এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের আয়ের যে অবস্থা, তাতে ১০ বছরের মাথায় নিজস্ব আয় থেকে বিশ্ববিদ্যালয়ের ব্যয় বহন করা সম্ভব হবে না।