তিন বোনের স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজনীন দিল আফরোজ, সাবিবা ইলা ও শামীমা সুলতানা। তাঁদের বাবা আবদুল কাদের ও মা মাহমুদা সুলতানা। এ পরিচয় দেখে সহজেই বোঝা যায় তাঁরা তিন বোন। এই তিন বোন একই বিদ্যালয়ের শিক্ষিকা। রাজশাহীর বাগমারার ঝাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাঁরা। এটি এলাকায় তিন বোনের স্কুল নামে পরিচিত। তাঁদের তিনজনের বাড়িই বাগমারার পাহাড়পুর গ্রামে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বাগমারার দুর্গম এলাকায় অবস্থিত প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান (১৮৯১ সালে স্থাপিত) ঝাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে নাজনীন ২০০৬ সালে যোগদান করেন। তাঁর যোগদানের তিন বছর পর ২০০৯ সালের ৭ মে তাঁর ছোট বোন শামীমা সুলতানা ও সাবিবা ইলাও যোগদান করেন। সেই থেকে তাঁরা তিন বোন একসঙ্গে বিদ্যালয়ে চাকরি করছেন। তিন বোন একই প্রতিষ্ঠানে চাকরি করায় শিক্ষাপ্রতিষ্ঠানটি ‘তিন বোনের স্কুল’ হিসেবে পরিচিতি পেয়েছে। ওই তিন বোন ছাড়াও প্রতিষ্ঠানে কর্মরত আছেন আরও দুই শিক্ষিকা আরজুমান বানু ও ববি রানী। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক না থাকায় তিন বোনের মধ্যে বড় নাজনীন দিল আফরোজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তিনি জানান, তাঁরা তিন বোনই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করার পর চাকরিতে যোগদান করেছেন। অলৌকিকভাবে সবকিছু মিলে গেছে। তাঁর ভাষ্যমতে, দুর্গম এলাকা হিসেবে পরিচিত হওয়ায় এখানে কোনো ধরনের তদবির ছাড়াই তাঁদের এখানে বদলি করা হয়েছে। বিদ্যালয়ের অপর দুই শিক্ষিকা ববি রানী ও আরজুমান বানু জানান, তাঁদের মধ্যে সবকিছুতেই মিল রয়েছে। তৃতীয় শ্রেণীর ছাত্র বারিক জানায়, তিন আপাই ভালো। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, তাঁদের বদলিটা স্বাভাবিক। যদি তাঁদের মধ্যে (তিন বোনের মধ্যে) কোনো বিরোধ হয়, তাহলে বদলি করা হবে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এ রকম তিন বোনের একই প্রতিষ্ঠানে ও পদে চাকরির ঘটনা বিরল।