তিন বৌদ্ধবিহার বিপন্ন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের দোমাইল গ্রামে সপ্তম শতকে নির্মিত তিনটি বৌদ্ধবিহার নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। বৌদ্ধবিহার এলাকার মাটি কেটে করা হচ্ছে চাষাবাদ। তৈরি হয়েছে ইটভাটা।নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সোলায়মান প্রথম আলোকে বলেন, একটি বৌদ্ধবিহারের মাটি কেটে গড়ে তোলা ইটভাটা মালিকের জমির বৈধ কাগজ নেই। ভাটা স্থাপনের আগে পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্রও নেওয়া হয়নি। অন্য দুটি বৌদ্ধবিহারের মধ্যে একটির চিহ্ন প্রায় বিলীন। অন্যটি যাতে রক্ষা করা যায়, এ ব্যাপারে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছেন।কাগজপত্র দেখে মোহাম্মদ সোলায়মান জানান, এ অঞ্চলে অসংখ্য ঢিবি বা টিলা ছিল। এ টিলা থেকে বেরিয়ে আসত নানা আকারের ইট, যে ইটগুলো সাধারণত মন্দির বা বৌদ্ধবিহার নির্মাণে ব্যবহূত হয়। ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে এসব টিলাকে ব্রিটিশ আমলেই সরকারি এক নম্বর খাস খতিয়ানভুক্ত করা হয়। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো সময় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি।উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার পূর্বে দোমাইল গ্রাম। এ গ্রামের আদিবাসীপাড়ার কাছে মাত্র ৫০০ মিটার দূরত্বের মধ্যে প্রত্নতাত্ত্বিকেরা পাশাপাশি তিনটি বৌদ্ধবিহার আবিষ্কার করেন। ২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীরা দোমাইলের প্রত্নতত্ত্বীয় গুরুত্ব প্রথম চিহ্নিত করেন। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিবেশ প্রত্নতত্ত্ব দলের খননকাজের দল নেতা, ওই বিভাগের সহকারী অধ্যাপক স্বাধীন সেন জানান, নবাবগঞ্জ থেকে দাউদপুর যেতে সড়কের ৩০০ মিটার দক্ষিণে প্রথম বৌদ্ধবিহারটি ২০০৬ সালে আবিষ্কৃত হয়। ইটের ভাটার মাটি সংগ্রহের ফলে বিহারটির পশ্চিম বাহুর কক্ষগুলো উন্মোচিত হয়। পরে পূর্ব দিকের বাহুতে ও দক্ষিণ দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিবেশ প্রত্নতত্ত্ব দল খননকাজ চালায়। বিহারটি দৈর্ঘ্যে এবং প্রস্থে ৪৯ মিটার।স্বাধীন সেন জানান, বাংলাদেশের অন্যান্য বৌদ্ধবিহারের মতোই এ বিহারটির চারদিকে চারটি বাহু রয়েছে। বাহুগুলোয় আয়তক্ষেত্রের বিভিন্ন কক্ষ রয়েছে। কক্ষগুলোর সামনে রয়েছে বারান্দা। চারটি বাহুর মাঝখানে রয়েছে একটি আঙিনা। বৌদ্ধবিহারের দক্ষিণে রয়েছে একটি প্রবেশপথ ও একটি চৈত্য (ছোট বৌদ্ধমন্দির) গৃহ। তিনি জানান, এ বিহারটির খনন থেকে সংগৃহীত চারকোল নমুনার রেডিওকার্বন থেকে সম্প্রতি এ সময়কাল পাওয়া গেছে। প্রতিবেশ প্রত্নতত্ত্ব দল ২০০৮ সালে বিশদ জরিপ ও মানচিত্রায়ণ করার সময় প্রথম বৌদ্ধবিহারটি থেকে আনুমানিক ২০০ মিটার দক্ষিণ-পূর্বে তৃতীয় বৌদ্ধবিহারটির ধ্বংসাবশেষ শনাক্ত করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, নবাবগঞ্জেই আবিষ্কৃত হয়েছে প্রসিদ্ধ সীতাকোট বৌদ্ধবিহার। এর সময়কাল ধরা হয় খ্রিষ্টীয় সপ্তম-অষ্টম শতক। দোমাইল গ্রামে আবিষ্কৃত বৌদ্ধবিহার তিনটি ওই বৌদ্ধবিহার নির্মাণের পরপরই নির্মিত বলে প্রত্নতত্ত্ববিদদের ধারণা।সরেজমিনে দেখা যায়, তিনটি বিহারের মধ্যে একটির প্রায় পুরোটা জুড়ে ‘এমআরবি’ নামে ইটভাটা রয়েছে। একটির অনেকখানি অংশ জুড়ে কৃষিজমি। এটির অস্তিত্ব প্রায় বিলীন। অন্যটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও এর অনেক ইট নিয়ে গেছে লোকজন। ইটভাটার মালিক সোহেল রিজভী বলেন, বছর দশেক আগে তাঁর বাবা ভাটার মধ্যে থাকা এক একর ৩৩ শতক জমি চেনে মারডী নামে স্থানীয় এক মহিলার কাছ থেকে কিনে নেন। ভাটার বাকি জমি তিনি আহম্মদ আলী নামে এক ব্যক্তির কাছ থেকে ইজারা নিয়েছেন। আহম্মদ আলী ইজারা দেওয়ার কথা স্বীকার করেছেন।এসএ রেকর্ড অনুযায়ী, জমির মালিক মৃত চেনে মারডীর মেয়ে মনি (৬৫) অভিযোগ করেন, ‘হামার মা ওই জমিগুলান বেচে নাই। রেজভি জাল কাগজ করি তামান জমি দখল করি নেছে।’স্বাধীন সেনের মতে, বাংলাদেশের উত্তরাঞ্চলে এর আগে পাশাপাশি তিনটি বৌদ্ধবিহার পাওয়া যায়নি। তাই এ প্রত্নস্থানটির গুরুত্ব অনেক বেশি। তিনি বলেন, দ্বিতীয় বিহারটির ধ্বংসাবশেষ প্রায় নিশ্চিহ্ন। অন্যগুলোও দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। প্রত্নতত্ত্বের এ গুরুত্বপূর্ণ নিদর্শন রক্ষা করতে সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।