তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি ক্যাটাগরিতে বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তিনজন বিশিষ্ট উদ্যোক্তা এবং দুটি প্রতিষ্ঠানকে। ব্যবসায় ও আর্থিক খাতে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (আইআইডিএফসি) চেয়ারম্যান এম মতিউল ইসলাম। এ ছাড়া বিএসআরএম স্টিল (সেরা প্রতিষ্ঠান), ইস্টার্ন ব্যাংক লিমিটেড (সেরা আর্থিক প্রতিষ্ঠান), প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আমজাদ খান চৌধুরী (বছরের সেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব) এবং তানিয়া করিম এনআর করিম অ্যান্ড অ্যাসোসিয়েটসের অংশীদার তানিয়া করিমকে (নারী উদ্যোক্তা) পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল শনিবার ডিএইচএল ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এই পুরস্কার দেয়। এটি তাদের আয়োজনে ১১তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড। স্থানীয় এক হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এ ছাড়া বক্তব্য দেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ডিএইচএল এক্সপ্রেসের কান্ট্রি ম্যানেজার ডেসমন্ড কুইয়া। বিএসআরএম স্টিলের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। পরে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘বাংলাদেশে ব্যবসার পরিবেশে বেশ দুর্বলতা রয়েছে, চ্যালেঞ্জও রয়েছে। তবে বাংলাদেশ জানে কীভাবে তা মোকাবিলা করতে হয়।’ মাহফুজ আনাম বলেন, ব্যবসার ক্ষেত্রে প্রবৃদ্ধি অর্জিত হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তিনি বলেন, সীমাহীন সাফল্যের গল্প হলো বাংলাদেশ। এসব সাফল্যের স্বীকৃতি এই পুরস্কার। এ দেশের বিপুল সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে। শুধু ভালো নীতি ও সুশাসন থাকলেই হবে না, সমাজের সর্বস্তর থেকে সহায়তা দিতে হবে। উদ্যোক্তাদের সহায়তা দিতে হবে ভূমি নিবন্ধন থেকে কর প্রদান পর্যন্ত। ডিএইচএলের কান্ট্রি ম্যানেজার ডেসমন্ড কুইয়া বলেন, বাংলাদেশ সম্ভাবনাময় অর্থনীতির দেশ হিসেবে সারা বিশ্বের কাছে বিবেচিত হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশ ভালো।আজীবন সম্মাননা পাওয়া এম মতিউল ইসলাম অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি কখনো পেছনের দিকে তাকাই না, সব সময় সামনের দিকে যেতে চাই। ভালো কিছুর জন্য আমার সামর্থ্য অনুযায়ী কাজ করি।’ আমজাদ খান চৌধুরী বলেন, ‘ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই আমরা বিশ্বাস করতাম, দুগ্ধশিল্পের উন্নতি করতে পারলে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারব। দারিদ্র্য বিমোচনই আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য।’