রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী জনতা ও অগ্রণী ব্যাংক
তিন ব্যাংকে পর্ষদ নেই ঋণ কার্যক্রম বন্ধ
সরকার পরিচালক নিয়োগ দিচ্ছে না। তাই তিন মাস ধরে পরিচালনা পর্ষদ নেই সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংকে। এ কারণে আটকে গেছে কয়েক শ নতুন ঋণের প্রস্তাব অনুমোদন, পুনঃ তফসিলীকরণ, ঋণ বৃদ্ধির প্রস্তাবসহ ব্যাংকগুলোর ব্যবসায়িক কার্যক্রম।এ খাতের সেপ্টেম্বরভিত্তিক তথ্য অনুসারে, এখনো রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক দেশের ব্যবসা-বাণিজ্যে ২১ শতাংশের বেশি অর্থ জোগান দিয়ে থাকে। কিন্তু পরিচালনা পর্ষদ না থাকায় এই ব্যাংকগুলোর ঋণের প্রক্রিয়া, পুনঃ তফসিল ও ঋণ বৃদ্ধির প্রস্তাবগুলো অনুমোদন পাচ্ছে না। সার্বিকভাবে ব্যবসা-বাণিজ্যে এর বিরূপ প্রভাব পড়ছে।যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ব্যাংকগুলোতে ঋণের জন্য আবেদন কিংবা কোনো কারণে সময়মতো ঋণ ফেরত দিতে না পারায় পুনঃ তফসিলের আবেদন করেছে, তারা যেমন বিপদে আছে; তেমনি যারা সময়মতো ঋণ নবায়ন করতে পারছে না, তারাও নতুনভাবে খেলাপি হওয়ার ঝুঁকিতে আছে। তাই বছরের শেষ ভাগে এসে ব্যাংকগুলোতে বড় অঙ্কের খেলাপি ঋণ সৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে। আর এটা হলে ব্যাংকগুলোর মুনাফার ওপর বড় প্রভাব পড়বে। এতে অধিক পরিমাণ নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) দায় তৈরি হবে ব্যাংকগুলোর। হল-মার্ক কেলেঙ্কারির কারণে এমনিতেই নাজুক আর্থিক পরিস্থিতির মধ্যে রয়েছে সোনালী ব্যাংক। এই ব্যাংকটির সঙ্গে বাকি ব্যাংকগুলো আর্থিকভাবে যুক্ত থাকায় সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়ে আছে।অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সরকারের মেয়াদের শেষ বছরে এসে এবং হল-মার্ক কেলেঙ্কারিসহ বিভিন্ন কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালকদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এ কারণে অনেকেই এখন এই ব্যাংকগুলোর সঙ্গে যুক্ত হতে চাইছেন না। আর যাঁরা পরিচালক হতে আগ্রহী, সরকার ঠিক তাঁদের পরিচালক বানাতেও চাইছে না। এই পরিস্থিতিতে নতুন নিয়োগ আটকে আছে।কয়েক শ প্রস্তাব পড়ে আছে: সূত্র জানায়, সোনালী ব্যাংকে নতুন ঋণের প্রস্তাব, ঋণ পুনঃ তফসিল, ঋণের পরিমাণ বৃদ্ধি, সুদ মওকুফ, অবলোপনসহ (রাইট অফ) এ-জাতীয় দুই শতাধিক প্রস্তাব আটকে আছে। এগুলো অনুমোদন করার এখতিয়ার একমাত্র ব্যাংকের পরিচালনা পর্ষদের। পর্ষদ না থাকায় এখন কেবল সরকারের ঋণের বিষয়গুলো সারছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আর কিছু ক্ষেত্রে বর্তমান চেয়ারম্যানের (যদিও পর্ষদ না থাকলে চেয়ারম্যান কীভাবে থাকেন, তা নিয়েও বিতর্ক আছে) সঙ্গে পরামর্শ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গেছে।সূত্র জানায়, সুনির্দিষ্টভাবে কোন ধরনের কতটা প্রস্তাব আটকে পড়েছে, তার একটা তালিকা তৈরি করছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, কয়েক দিনের মধ্যেই যদি পরিচালক ও পর্ষদ গঠনের সিদ্ধান্ত না পাওয়া যায়, সে ক্ষেত্রে বর্তমানে যে তিনজন পরিচালক আছেন, তাঁদের সঙ্গে পরামর্শ করে কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘নতুন ঋণ না দিলেও আমাদের ব্যাংকের স্বার্থেই পুনঃ তফসিল ও অবলোপনের কাজগুলো করতে হবে। না হলে খেলাপি ঋণ বেড়ে যাবে।’ পরবর্তী সময়ে পর্ষদ গঠন করা হলে এগুলোর অনুমোদন নেওয়া হবে বলে জানান প্রদীপ দত্ত।জনতা ব্যাংক সূত্র জানায়, তাদের ৩৫০টি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর কিছু আছে পর্ষদের অনুমোদনের অপেক্ষায়, কিছু পর্ষদের বিভিন্ন কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে নতুন ঋণের প্রস্তাব ১৮টি, ৩০টি সুদ মওকুফ, ৪০টি অবলোপন, ২০টি পুনঃ তফসিল, ২০টি ঋণ বৃদ্ধি এবং বাকি প্রস্তাবগুলো পর্ষদের বিভিন্ন (অডিট ও এক্সিকিউটিভ) কমিটিতে ও সামাজিক জনকল্যাণসংক্রান্ত (সিএসআর)। অগ্রণী ব্যাংক অবশ্য দাবি করছে, তাদের খুব সমস্যা হচ্ছে না। কারণ, তাদের কোরাম আছে এবং পর্ষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আর যেহেতু গ্যাস-বিদ্যুতের সংকটে দেশে সার্বিকভাবে বিনিয়োগ আগ্রহ কমে গেছে, তাই নতুন ঋণের প্রস্তাবও তেমন নেই। যোগাযোগ করা হলে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘আমাদের বোর্ডের (পর্ষদ) কোরাম থাকায় তেমন সমস্যা হচ্ছে না। আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’ তিনি দাবি করেন, তাঁদের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন অনুসারে তাঁরা এটা করতে পারছেন। তিনি বলেন, বোর্ড তো আগেই গঠিত হয়েছে, এখন সদস্য কোনো কারণে কম আছে। তার মানে বোর্ড নেই, এমনটি বলা ঠিক কি না, প্রশ্ন তোলেন তিনি।তিন মাস পর্ষদ নেই: সেপ্টেম্বর মাসের বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৪৫ জন পরিচালকের মেয়াদ শেষ হয়েছে। সমসাময়িক কালে সরকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে চেয়ারম্যান নিয়োগের মেয়াদ দুই বছর বাড়িয়েছে। শুধু সোনালী ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়।সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক কোম্পানিতে রূপান্তরের পর এই ব্যাংকগুলোর পর্ষদে পরিচালকের সংখ্যা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন সাতজন ও সর্বোচ্চ ১৩ জন। যদিও ব্যাংকগুলোর পর্ষদের কোরাম নির্ধারিত আছে তিনজন। কিন্তু সাতজন পরিচালক না থাকায় পর্ষদই নেই ব্যাংকগুলোর।গত মেয়াদে এই ব্যাংকগুলোর পর্ষদে পরিচালকের সংখ্যা ছিল ১৩ জন করে। সেই অনুসারে শূন্য পদের সংখ্যা এখন ২৬টি। তিন ব্যাংকে এখন মোট পরিচালক আছেন ১৩ (এমডিসহ) জন। এই পরিস্থিতিতে কোনো পর্ষদ সভা হচ্ছে না ব্যাংকগুলোতে।এর আগে সরকার আর্থিক খাতে যোগ্যতা-দক্ষতা ছাড়াই কেবল রাজনৈতিক বিবেচনায় বেশ কিছু দলীয় লোক নিয়োগ দেওয়ায় সারা দেশে ব্যাপকভাবে সমালোচিত হয়। এর কিছুদিন পরই ব্যাংকগুলোর দৈনন্দিন কাজে পরিচালকদের হস্তক্ষেপ করার অভিযোগ আনে বাংলাদেশ ব্যাংক।পরিচালকের যোগ্যতা যাচাই চায় আইএমএফ: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে বর্ধিত ঋণ-সহায়তা (ইসিএফ) কর্মসূচির আওতায় ১০০ কোটি ডলার পাওয়ার অন্যতম শর্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সংস্কার। সম্প্রতি আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে এসে শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করে গেছে। এই মিশন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে পরিচালক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ফিট অ্যান্ড প্রপার টেস্ট বা যোগ্যতা যাচাইয়ের নীতিমালা তৈরি করে তার ভিত্তিতে নিয়োগের পরামর্শ দিয়েছে। অবশ্য এ দফা নিয়োগ এই নীতিমালার আওতায় হচ্ছে না বলে জানা গেছে। কেননা, এখনো কেন্দ্রীয় ব্যাংক কোনো নীতিমালা তৈরি করেনি।বর্তমানে বেসরকারি খাতের ব্যাংকের পরিচালক নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা আছে। আর রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর পরিচালক নিয়োগে অর্থ মন্ত্রণালয়ের একটি নীতিমালা রয়েছে। তবে নিয়োগের আগে মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংক থেকে ‘অযোগ্যতা আছে কি না’, সে বিষয়ে একটি ছাড়পত্র নেয়। তবে তা কার্যত শুধু কেউ খেলাপি কি না, তা জানতে চাওয়া হয়। আর পরিচালকের যোগ্যতা কী হবে, তা ঠিক করে মন্ত্রণালয়।সোনালী ব্যাংকে হল-মার্ক কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংকটির পুরো পর্ষদ পুনর্গঠনের কথা বলেছে আইএমএফ। সরকারও তার সঙ্গে একমত হয়েছে বলে জানা গেছে।পর্ষদ গঠন কি আইনসম্মত: রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পর নিয়ম অনুযায়ী এর পরিচালক নিয়োগ হওয়ার কথা বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। আর দুই এজিএমের মধ্যবর্তী সময়ে পরিচালকের মেয়াদ শেষ হলে পর্ষদ নতুন পরিচালক নিয়োগ দিতে পারে। পরবর্তী এজিএমে তা অনুমোদন করে নিতে হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখনো ব্যাংকস জাতীয়করণ অধ্যাদেশ, ১৯৭২-এর মতো প্রজ্ঞাপন জারির মাধ্যমে পরিচালক নিয়োগ দিয়ে আসছে। উপরন্তু, মন্ত্রণালয়ই চেয়ারম্যান নিয়োগ দিয়ে আসছে। অথচ কোম্পানিতে চেয়ারম্যান নির্ধারিত হয় এজিএমে নির্বাচিত পরিচালকদের ভোটে তাঁদের মধ্য থেকে। সরকার যে প্রজ্ঞাপনের মাধ্যমে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে, তার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে ব্যাংক খাতে।