তিন ব্লগার সাত দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি করার অভিযোগে ব্লগারদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে এমন তিন ব্লগারকে গ্রেপ্তার করেছে। আরও কয়েকজন গ্রেপ্তারের তালিকায় রয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্লগার সুব্রত অধিকারী ওরফে শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বাংলা বিভাগের ছাত্র, মশিউর রহমান বিপ্লব (৪২) ও রাসেল পারভেজ (৩৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ডিবির উপকমিশনার মোল্যা নজরুল ইসলামের তত্ত্বাবধানে সোমবার রাত ১০টার দিকে অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মশিউর রহমান ও এডিসি শহিদুল্লাহর নেতৃত্বে ডিবির তিনটি দল ফার্মগেটসংলগ্ন মণিপুরিপাড়ায় অভিযান চালিয়ে মশিউরকে এবং পরে ইন্দিরা রোড থেকে রাসেলকে আটক করে। ডিবির দাবি, এর পরে তাঁদের তথ্যের ভিত্তিতে রাত চারটার দিকে পলাশী এলাকা থেকে সুব্রতকে আটক করা হয়। ব্লগার মশিউরের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি কম্পিউটার, দুটি ইন্টারনেট সংযোগ মডেম ও একটি এক্সর্টানাল হার্ড ড্রাইভ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার আটক ব্লগারদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে মহানগর হাকিম মইনুল ইসলাম তাঁদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। ডিবির কর্মকর্তারা জানান, ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তি করেছেন—এমন আট ব্লগারকে চিহ্নিত করেছে ডিবি। অপর একটি সূত্র জানায়, একাধিক ধর্মভিত্তিক দল ৮৪ জন ব্লগারের তালিকা তৈরি করে পুলিশের কাছে দিয়েছে। এর মধ্যে পুলিশ ২১ জনকে চিহ্নিত করেছে, যাঁদের নয়জনকে গ্রেপ্তারে ইতিমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। তবে তাঁদের মধ্যে তিনজন বিদেশে অবস্থান করছেন। গতকাল দুপুরে মিন্টো রোডের মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে মোল্যা নজরুল ইসলাম বলেন, ইন্টারনেটে উসকানিমূলক লেখালেখির মাধ্যমে সাইবার অপরাধ আইন অনুযায়ী (আইসিটি অ্যাক্ট ২০০৬) ওই তিন ব্লগার অপরাধ করেছেন। আইসিটি আইনের ৫৭-এর (১) ও (২) ধারা অনুযায়ী, ধর্ম নিয়ে উসকানিমূলক লেখালেখিকে অপরাধ হিসেবে গণ্য করে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা অর্থদণ্ড দেওয়ার কথা বলা হয়েছে। মোল্যা নজরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বলেছেন, তাঁরা কোনো ধর্মে বিশ্বাস করেন না। মশিউর ব্লগ ও ফেসবুকে লেখালেখি করেন। মশিউর ফেসবুকে ‘আল্লামা শয়তান’ নামে, সামহয়্যারইন ও নাগরিক ব্লগে ‘শয়তান’ এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লেখেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহয়্যারইন ব্লগে ‘রাসেল’ ও ‘অপবাক’ ছদ্মনামে লেখালেখি করেন। আর সুব্রত সামহয়্যারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত’, নাগরিক ব্লগে ‘আজাদ’, ইস্টিশন ব্লগে ‘লালু কসাই’ ছদ্মনামে লিখতেন। প্রকৃতিবাদে বিশ্বাসী এই ব্লগাররা লেখালেখির মাধ্যমে ইসলামসহ বিভিন্ন ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন করে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করে আসছিলেন। জব্দ করা কম্পিউটার, ল্যাপটপ ও হার্ডডিস্ক থেকে এর ‘প্রমাণ’ পাওয়া গেছে। তাই তাঁদের আইনের আওতায় নেওয়া হয়েছে।উপকমিশনার মোল্যা নজরুল ইসলামের ভাষ্য, ডিবির সাইবার ক্রাইম ইউনিট দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। এরই ধারাবাহিকতায় এই তিনজনকে আটক করা হয়েছে। এই গ্রেপ্তারে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বাকস্বাধীনতা সবারই আছে। তবে অন্যের বিশ্বাসকে আঘাত করা মানে বাকস্বাধীনতা নয়। আইনের পরিপন্থী কাজ করায় ও অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে জড়িত কিংবা সহযোগিতাকারীদেরও আইনের আওতায় আনা হবে। হেফাজতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে ব্লগারদের ধরা হয়েছে কি না, প্রশ্ন করা হলে উপকমিশনার বলেন, গ্রেপ্তারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আটক করে গণমাধ্যমের সামনে হাজির করা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আছে। তার পরও গতকাল আটক ব্লগারদের ছবি ধারণ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু পুলিশ বলেছে, আটক ব্যক্তিদের গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়নি। আদালতে নেওয়ার সময় গণমাধ্যমকর্মীরা তাঁদের ছবি তুলেছেন। তবে গতকাল দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের কাছে গ্রেপ্তার হওয়া তিন ব্লগারের নাম জানতে চাইলে তিনি বলেন, যখন আদালতে পেশ করা হবে, তখনই জানতে পারবেন। সম্প্রতি আদালত এক নির্দেশ দিয়েছেন যে যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে, ততক্ষণ পর্যন্ত বুকে-পিঠে নাম লিখে হাজির করা বা নাম প্রকাশ করা সঠিক হবে না। ফেসবুক ও ব্লগে ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারীদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ মার্চ একটি কমিটি গঠন করে সরকার। অভিযোগ জানাতে একটি ই-মেইল ঠিকানাও খুলেছে এই কমিটি।বিটিআরসির তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন এবং ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি।উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি উত্তরার নিজ কর্মস্থলের সামনে ব্লগার আসিফ মহিউদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। এর এক মাস পর ১৫ ফেব্রুয়ারি রাতে পল্লবীর পলাশনগরের নিজ বাসার সামনে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয় আরেক ব্লগার আহমেদ রাজীব হায়দারকে (৩৫)।