তিন ব্লগারকে গণমাধ্যমে হাজির কেন অবৈধ নয়: হাইকোর্ট
গ্রেপ্তার তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে হাজির করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এভাবে গণমাধ্যমের সামনে হাজির করা থেকে বিরত থাকার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম), শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক সাজ্জাদ হোসেনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ব্লগার রাসেল পারভেজ, মশিউর রহমান ও সুব্রত অধিকারীকে গণমাধ্যমের সামনে হাজির করার বৈধতা চ্যালেঞ্জ করে ৭ এপ্রিল রিট আবেদনটি করা হয়। আইনজীবী সুলতানা কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, রফিক উল্লাহ খান, রোবায়েত ফেরদৌস ও ফাহমিদুল হক আবেদনকারী হয়ে রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সারা হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট এক আদেশে আটক কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করেন। তা ভঙ্গ করে ২ এপ্রিল তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। আদালত তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে হাজির করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।