তিন ব্লগারকে গণমাধ্যমে হাজিরের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাসেল পারভেজ, মশিউর রহমান ও সুব্রত অধিকারী ওরফে শুভকে গণমাধ্যমের সামনে হাজির করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হয়েছে। রিটে গ্রেপ্তার করা এই তিনজনকে গণমাধ্যমের সামনে হাজির করা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সংবিধানের ২৭, ৩১, ৩৩ ও ৩৫ অনুচ্ছেদ এবং গত ৪ ডিসেম্বর হাইকোর্টের দেওয়া আদেশের লঙ্ঘন বলে গণ্য করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।দেশের ছয় বিশিষ্ট নাগরিকের পক্ষে আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া।রিটে ব্লগারদের কারাগারে এবং মুক্তির পর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশনা চাওয়া হয়েছে। গণমাধ্যমের সামনে হাজির করার ফলে ওই তিনজন যে হুমকি ও বিপদের মুখে পড়েছেন, সে জন্য ব্যক্তিগতভাবে তাঁদের ক্ষতিপূরণ দিতে বিবাদীদের বিশেষ করে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শককে কেন নির্দেশ দেওয়া হবে না—এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম), শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপপরিদর্শক সাজ্জাদ হোসেনকে বিবাদী করা হয়েছে।এ ছাড়া রিটে সংবিধানের ২৭, ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদ অনুসারে গ্রেপ্তার কোনো ব্যক্তির ক্ষেত্রে তদন্ত পর্যায়ে বা বিচারের আগে গণমাধ্যমের সামনে হাজির করা থেকে বিরত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে।আইনজীবী সুলতানা কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতিআরা নাসরিন, অধ্যাপক রফিক উল্লাহ খান, সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও ফাহমিদুল হক এই রিটের আবেদনকারী। রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, গত ৪ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে আটক কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির করার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ ছিল। তা ভঙ্গ করে ২ এপ্রিল তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে হাজির করায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে ছয় বিশিষ্ট নাগরিক রিটটি করেন। চলতি সপ্তাহে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে।গত সোমবার রাতে ব্লগার সুব্রত অধিকারী, মশিউর রহমান ও রাসেল পারভেজকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদন জানালে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার হওয়া ব্লগার সুব্রত অধিকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বাংলা বিভাগের ছাত্র, মশিউর রহমান ও রাসেল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র।