তিন মামলার কার্যক্রম ৩ মে পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতা বিরোধী অপরাধের তিন মামলার কার্যক্রম ৩ মে পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২। বিরোধী দলের ডাকা হরতালের কারণে আসামি হাজির না করায় ও আসামি পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত না থাকায় দুটি ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।ট্রাইব্যুনাল-১-এ গতকাল ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণের আগে রাষ্ট্রপক্ষের উদ্বোধনী বক্তব্য উপস্থাপনের নির্ধারিত দিন। সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (অপর সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। তবে সাকা চৌধুরীকে গাজীপুর জেলা কারাগার থেকে হাজির করা হয়নি। তাঁর কোনো আইনজীবীও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল মালুম বলেন, রাষ্ট্রপক্ষ উদ্বোধনী বক্তব্যের জন্য প্রস্তুত। পরে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, হরতালের কারণে আসামিকে হাজির করা যায়নি। রাষ্ট্রপক্ষ শুনানির জন্য প্রস্তুত, তবে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত নেই। সার্বিক অবস্থা বিবেচনা করে বিষয়টি ৩ মে পর্যন্ত মুলতবি করা হলো।সাকা চৌধুরীর বিরুদ্ধে ৪ এপ্রিল অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।একই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতির আবেদনের শুনানির দিন ধার্য ছিল গতকাল। তাঁকেও গাজীপুর কারাগার থেকে হাজির করা হয়নি। হরতালের জন্য জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে আসতে পারেননি জানিয়ে কনিষ্ঠ আইনজীবী গাজী এম এইচ তামিম শুনানি মুলতবির আরজি জানান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ৩ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন।নিজামীর বিরুদ্ধে মামলায় অভিযোগের বিষয়ে আসামিপক্ষের শুনানি চলছে।আলীমের জামিনের মেয়াদ বাড়ল ৩ মে পর্যন্ত: বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের জামিনের আবেদনের শুনানি ৩ মে পর্যন্ত মুলতবি করে ওই দিন পর্যন্ত তাঁর জামিনের মেয়াদ বাড়িয়েছেন ট্রাইব্যুনাল-২।গতকাল শুনানির ধার্য দিনে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হলে আলীমের আইনজীবী তারিকুল ইসলাম বলেন, হরতালের জন্য রাস্তায় অনিরাপদ বোধ করায় আসামি ও তাঁর পক্ষের জ্যেষ্ঠ আইনজীবীরা আসতে পারেননি। তিনি জামিন আবেদনের শুনানি মুলতবি এবং ওই দিন পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ানোর আরজি জানান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত এর বিরোধিতা করেন।পরে ট্রাইব্যুনাল ৩ মে পর্যন্ত শুনানি মুলতবি করে আদেশে বলেন, ওই দিন পর্যন্ত আলীম জামিনে থাকবেন।মুক্তিযুদ্ধ চলাকালে ৩০ লাখ মানুষ শহীদ হন, দুই লাখ নারী সম্ভ্রম হারান। ওই সময় সংঘটিত গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।