তিন মামলার পুনর্বিচারের বিষয়ে আদেশ ৩ জানুয়ারি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পুনর্বিচারের আবেদনের বিষয়ে আদেশের জন্য ৩ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ ধার্য করেন। গত বছরের ২০ ও ২৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে চলমান তিনটি মামলা পুনর্বিচারের আবেদন জানায় আসামি পক্ষ। ২৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানি শুরু হয়। ছয় দিন শুনানির পর আজ দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল আদেশের তারিখ ধার্য করেন। আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, রফিকুল ইসলাম মিয়া, আবদুর রাজ্জাক ও মিজানুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সৈয়দ হায়দার আলী।