রাজধানীর কদমতলীর রায়েরবাগে ডাকাত সন্দেহে পাঁচজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গত শুক্রবার রাতে তিনটি মামলা করেছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় অজ্ঞাত ২০০-৩০০ লোককে আসামি করা হয়েছে। এতে এলাকাবাসীর বিরুদ্ধে পাঁচজনকে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়। তবে এ অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি।কদমতলী থানার অপারেশন অফিসার উপপরিদর্শক আবদুর রাজ্জাক গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ডাকাতি চেষ্টার অভিযোগে একটি, অস্ত্র আইনে একটি ও পিটিয়ে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে। তিনটি মামলায় ঘটনাস্থল থেকে আটক করা মাহফুজ ও নজরুলকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার করা মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হচ্ছে। আর নজরুলকে পুলিশের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গণপিটুনিতে নিহত আরও একজনের পরিচয় মিলেছে। তাঁর নাম সম্রাট (২৫)। এ নিয়ে তিনজনের পরিচয় পাওয়া গেল। গতকাল সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সম্রাটের বড় ভাই রফিকুল ইসলাম তাঁর লাশ গ্রহণ করেন। সম্রাটের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। এর আগে ফিরোজ মিয়া ও আমীর হোসেন নামে আরও দুজনের পরিচয় পাওয়া যায়। এ তিনজনই কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া থেকে রিকশা ও ভ্যান চালাতেন বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।এদিকে রায়েরবাগ হাবিবনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আবদুল আজিজ সাংবাদিকদের জানিয়েছেন, পিটিয়ে ডাকাত মারার পর অজ্ঞাত স্থান থেকে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ‘কত পাহারা দেবেন, পুরো এলাকা পরিষ্কার করে ফেলব।’ এ ব্যাপারে পুলিশের ওয়ারী জোনের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, গণপিটুনির ঘটনায় নিয়ম অনুযায়ী মামলা হলেও এতে নির্দোষ কারও আতঙ্কিত হওয়ার কিছু নেই।