তিন মাস না যেতেই ভেঙে পড়ল কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে একটি কালভার্ট নির্মাণের পর তিন মাস যেতে না যেতেই ভেঙে গেছে। স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য সাজিদুর রহমান এটি নির্মাণ করেছিলেন। এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০০৯ সালে এডিবির বরাদ্দ দেওয়া ৭৫ হাজার টাকায় কালভার্টটি নির্মিত হয়। নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমানকে।২৩ আগস্ট রাতে ভারী বর্ষণে কালভার্টটি নিচের দিকে দেবে গিয়ে হঠাত্ ভেঙে যায়। এরপর থেকে বৃষ্টি হলেই খালে পানি জমে রাস্তাটি দিয়ে চলাচল দুরূহ হয়ে পড়ে।সরেজমিনে ৩১ ডিসেম্বর দেখা যায়, এখনো ভাঙা অবস্থায়ই পড়ে আছে কালভার্টটি। এলাকাবাসী অভিযোগ করেন, নিম্নমানের উপকরণ ব্যবহার ও কাজে অনিয়ম করায় কালভার্টটি ভেঙে গেছে। ওই গ্রামের বাসিন্দা আবদুল আজিজ চৌধুরী জানান, বানেশ্বর উচ্চবিদ্যালয় ও জামে মসজিদে যাওয়ার একমাত্র ভরসা কালভার্টটি। কিন্তু সেটি ভেঙে যাওয়ায় বৃষ্টি হলে পানি জমে ওই স্থানটুকু পারাপারে অসুবিধা হয়। বিষয়টি এলাকার লোকজন চেয়ারম্যান সাহেবকে জানিয়েছে।বানেশ্বর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার ও ইয়াছমিন আক্তার বলেন, আগামী বৃষ্টির মৌসুমে এই রাস্তা দিয়ে স্কুলে যেতে অসুবিধা হবে। শুকনো মৌসুমেও এটার ওপর দিয়ে চলাচল করতে অসুবিধা হচ্ছে।গ্রামের বাসিন্ধা হারুনুর রশিদ বলেন, কালভার্ট নির্মাণের সময় অনিয়ম দেখে বারবার বাধা দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের বাধায় কান দেয়নি। কালভার্টটি ভাঙার পর পাঁচ মাস হতে চললেও ইউপি চেয়ারম্যান-মেম্বারদের এখন পর্যন্ত কোনো মাথাব্যথা দেখা যাচ্ছে না।বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান তাজউদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে পরিস্থিতি এখনো সরেজমিনে দেখা হয়নি।এদিকে ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির নেতা সাজিদুর রহমান বলেন, ‘উপজেলা ইঞ্জিনিয়ারের (প্রকৌশলী) ফর্মুলা অনুযায়ী কাজ করেছি। বৃষ্টির সময় পানির ঠেলায় কালভার্টটি ভেঙে গেছে।’ তিনি আরও বলেন, ‘এলাকাটা আমার। আমি তাদের (এলাকাবাসীকে) বলেছি, নিজের ট্যাকা দিয়া হইলেও কালভার্টটা আবার কইরা দিমু।’উপজেলা এলজিইডি প্রকৌশলী জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি।