তিন মাস পর মুক্তিপণ নিতে গিয়ে গ্রেপ্তার দুই যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক স্কুলছাত্রকে প্রায় সাড়ে তিন মাস আগে অপহরণ করে হত্যা করা হয়েছে। এর পরও অপহরণকারীরা মুক্তিপণের টাকা আদায়ের চেষ্টা চালিয়ে যায়। আর এই টাকা আদায় করতে গিয়ে গত সোমবার নগরের আগ্রাবাদ এলাকায় গ্রেপ্তার হয় দুই যুবক। অপহূত ছাত্রের নাম আশরাফ হোসেন। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন মো. সাইফুল ইসলাম (২০) ও রুহুল আমীন (২২)। তাঁদের মধ্যে সাইফুল চট্টগ্রামের পাইকারি চশমা ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। আর আমীনের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। নগরের স্টেডিয়াম মার্কেটে আমীন রাজু স্পোর্টস নামে তাঁদের একটি দোকান আছে। পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, গত ১৬ মে সন্ধ্যায় ২০ লাখ টাকা মুক্তিপণ আদায় করতে জে এম সেন হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র আশরাফকে অপহরণ করেন সাইফুল ও আমীন। ১৮ মে শহরতলির বায়েজিদ থানার অনন্যা আবাসিক এলাকা থেকে পুলিশ আশরাফের লাশ উদ্ধার করে। বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় লাশটি। আশরাফের বাবা আজগর হোসেন নগরের লালদীঘির পাড়ের জান অপটিক্যাল নামে একটি চশমার দোকানের মালিক। আশরাফের বাবা ও সাইফুলের বাবা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ হাছান চৌধুরী প্রথম আলোকে বলেন, অপহরণকারীরা অনিবন্ধিত তিনটি মোবাইল সিম ব্যবহার করায় তাঁদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অপহরণের তিন মাস পর গত ১৭ আগস্ট সাইফুল আবার আশরাফের বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। প্রায় দুই সপ্তাহ ধরে ফোনে মুক্তিপণ নিয়ে দরকষাকষি চলছিল। সোমবার রাতে আগ্রাবাদ মহিলা কলেজের সামনে মুক্তিপণের টাকা লেনদেনের সময় পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আমীনকে। গতকাল মঙ্গলবার নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাইফুল প্রথম আলোকে বলেন, ‘এইচএসসি পাস করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। একই সময় আমাদের ভাড়াটে পরিবারের একটি মেয়েকে বিয়ে করি। কিন্তু মেয়েটি হিন্দু সম্প্রদায়ের হওয়ায় বাবা-মা মেনে নেননি। পরে আমি স্ত্রীকে নিয়ে নগরের রঙ্গিপাড়ার একটি ভাড়া বাসায় ওঠি। নালাপাড়ার নিজ বাসা ছাড়ার আগে মায়ের ১৫ ভরি গয়না চুরি করি। সেগুলো তিন লাখ ১০ হাজার টাকায় বিক্রি করি। ওই গয়না ফেরত দেওয়ার জন্য মা আমাকে চাপ দিচ্ছিলেন। তাই গয়নার টাকা জোগাড় করতে আশরাফকে অপহরণ করি।’সাইফুল বলেন, ‘গত বছরের ২১ ডিসেম্বর বিয়ে করি। ভাড়া বাসায় উঠে অর্থ-সংকটে পড়ি। মা গয়নার জন্য চাপ দিচ্ছিলেন। তাই আশরাফকে অপহরণের পরিকল্পনা করি। আমি ও আমীন ১৬ মে সন্ধ্যায় কৌশলে আশরাফকে পাথরঘাটার বাসা থেকে ডেকে দেওয়ানহাট এলাকায় আনি। এর আগে আমার ভাড়া ভবনের নিচতলার একটি ফ্ল্যাট আমীনের ভাইয়ের কথা বলে ভাড়া করি। ওই ভবনের পাঁচতলায় আমি থাকতাম।’সাইফুল বলেন, ‘রাতে আশরাফকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের বড়ি মিশিয়ে খাওয়াই। এতে আশরাফ অজ্ঞান হয়ে পড়ে। আমি কাপড় দিয়ে তার মুখ এবং দড়ি দিয়ে হাত-পা বেঁধে রেখে পাঁচতলায় চলে যাই। ওই সময় তার বাবাকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করি। পরদিন ১৭ মে সকালে নিচতলার ফ্ল্যাটে গিয়ে তাকে মৃত দেখতে পাই। ফোনে বিষয়টি আমীনকে জানাই।’ সাইফুল আরও জানান, ‘আমীন স্টেডিয়াম মার্কেটের একটি দোকান থেকে বড় কার্টন আনলে তাতে আশরাফের লাশ ঢুকিয়ে রাখি। লাশ স্থানান্তরের জন্য আমরা লোডশেডিং ও রাতের অন্ধকারের অপেক্ষায় ছিলাম। রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বিদ্যুৎ চলে গেলে সিএনজি অটোরিকশা ভাড়া করি। অন্ধকারের মধ্যে কার্টনটি গাড়িতে তুলে আমবাগান চলে যাই। সেখান থেকে আরেকটি অটোরিকশা ভাড়া করে আমরা অক্সিজেনের অনন্যা আবাসিক এলাকার কাছে কার্টন মোড়ানো লাশ ফেলে দিই।’জানা গেছে, বায়েজিদ থানার পুলিশ ১৮ মে রাতে আশরাফের লাশ উদ্ধার করে। তার ঘাড় কাটা ছিল ও মুখমণ্ডল ঝলসানো ছিল। মৃত্যু নিশ্চিত করতে তার মুখ এসিডে ঝলসে দেওয়া হতে পারে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে সাইফুল ও রুহুল আমীনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে।