তিন মাস বিল বকেয়া থাকলেই সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম এলাকার বিদ্যুতের বকেয়া বিল আদায় ও সিস্টেম লস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির। একটানা তিন মাস বিল বকেয়া থাকলে যেকোনো প্রতিষ্ঠানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ দেন তিনি। সে সঙ্গে তিনি বিদ্যুতের সিস্টেম লস এক অঙ্কে নামিয়ে আনার নির্দেশ দেন।গতকাল শনিবার চট্টগ্রামে অনলাইনে বিদ্যুৎ-সংযোগ পদ্ধতি উদ্বোধন করতে এসে আলমগীর কবির পিডিবির প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে বকেয়া বিল ও সিস্টেম লস নিয়ে কথা বলেন। এ সময় তিনি পাহাড়তলী ও রিয়াজউদ্দিন বাজার বিক্রয় ও বিতরণকেন্দ্র পরিদর্শন করেন। বর্তমানে চট্টগ্রাম অঞ্চলে সরকারি ও বেসরকারি পর্যায়ে পিডিবির বকেয়া অর্থের পরিমাণ ১৫০ কোটি টাকার মতো বলে পিডিবি সূত্রে জানা গেছে। দুপুরে তিনি পিডিবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান কার্যালয়ে অনলাইন-সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন। সারা দেশে পিডিবির ছয়টি অঞ্চলের মধ্যে চট্টগ্রামেই প্রথমবারের মতো অনলাইনে কার্যক্রম শুরু হলো বিদ্যুৎ-সংযোগের। এখন থেকে যে কেউ বিদ্যুৎ-সংযোগের জন্য মুঠোফোন কিংবা ইন্টারনেট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। এই আবেদনের সর্বোচ্চ ২০ দিনের মধ্যে পিডিবি সংযোগ দেবে। এ সময় পিডিবির বর্তমান ও সাবেক জ্যেষ্ঠ প্রকৌশলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম পিডিবির প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনলাইন কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, অনলাইনে সংযোগ চালু হলে গ্রাহকসেবা বাড়বে, পাশাপাশি পিডিবির কর্মীরাও জবাবদিহির আওতায় আসবেন। প্রাথমিক পর্যায়ে অনলাইনে আবেদনকারীদের সাহায্য করার জন্য হেলপলাইন ও গ্রাহকসেবা কেন্দ্র চালু করা হবে। ভবিষ্যতে ব্যাংকের সঙ্গেও পিডিবির কার্যক্রম অনলাইনের আওতায় নিয়ে আসা হবে বলে তিনি উল্লেখ করেন।