তিন মাসে পদস্থ কর্মকর্তাসহ ৩১ জনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সে আমাদের ছয়টি আদেশ লঙ্ঘন করেছে। সে তো নিজেকে লর্ড ভাবে, জনগণের সেবক ভাবে না।... রুলের জবাব না দিয়ে আদালতে এসে ক্ষমা চাচ্ছে। কত বড় ধৃষ্টতা দেখিয়েছে, তাঁর মতো দুঃসাহস কারও দেখিনি।’গত ২ মে এক জেলা প্রশাসকের উদ্দেশে এসব কথা বলেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। আদালতের নির্দেশ উপেক্ষা করায় কক্সবাজারের জেলা প্রশাসককে ওই দিন তিন ঘণ্টারও বেশি সময় আদালতের কাঠগড়ায় (ডকে) দাঁড়িয়ে থাকতে হয়।হাইকোর্টে গত তিন মাসে এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। কোনো ঘটনার ব্যাখ্যা জানাতে আদালতের নির্দেশ উপেক্ষা বা অবমাননার অভিযোগে তলব করা হয় সরকারি কর্মকর্তাসহ ৩১ জনকে। যোগাযোগ করা হলে গত রোববার কক্সবাজারের জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, রিট আবেদনকারীরা মিথ্যা তথ্য দিয়ে রিট দায়ের করার মামলায় আদালত অবমাননার রুল জারি করেছেন। ৭ জুলাই হাজির হতে বলা হয়েছে। ফেরিঘাট ইজরা-সংক্রান্ত ওই রিটের বিষয়ে তিনি বলেন, ‘১২ এপ্রিল কক্সবাজার-মহেশখালী ফেরিঘাট ইজারা দেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত হয়। আদালতের আদেশ পাই ১৩ এপ্রিল।’ তবে অভিযোগ থেকে আদালত অব্যাহতি দিয়েছেন বলে তিনি জানান।এদিকে চট্টগ্রামে পুলিশি হেফাজতে মানিক নামের এক নৈশপ্রহরীর মৃত্যুর ঘটনায় করা আদালত অবমাননার মামলায় ১ জুন হাইকোর্টের একটি বেঞ্চ বলেছেন, সম্প্রতি উচ্চ আদালতের আদেশ ও নির্দেশ অমান্য করার প্রবণতা বেড়ে চলেছে। এই প্রবণতা বন্ধ করতে হবে। নতুবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আদালতের এই মনোভাব সংশ্লিষ্ট সব মহলকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নির্দেশ দেন। ওই দিন আধঘণ্টার মতো দাঁড়িয়ে থাকেন চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। নৈশপ্রহরীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশ বাস্তবায়নে গড়িমসি করায় ২৪ মে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল জারি করে তাঁকে হাজির হতে নির্দেশ দেন। পরে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।বিশেষজ্ঞদের মত: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশনা পালন করা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব। তা পালনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। হাইকোর্টের আদেশ সবার জন্য এবং আপিল বিভাগের সিদ্ধান্ত হাইকোর্টের জন্য বাধ্যতামূলক। কেউ সংক্ষুব্ধ হলে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যেতে পারেন। তবে আদালতের আদেশ কোনোভাবেই আগ্রহ্য করা উচিত নয়।জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খানের মতে, আদালতে এ ধরনের ঘটনা ঘটছে। নতুন একটি প্রক্রিয়া লক্ষ করছি। বিশিষ্ট আইনজ্ঞ শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, আদালত অবমাননার বিষয় বিবেচনার ক্ষমতা সীমিত আদালতের থাকে। সব আদালতের এই ক্ষমতা থাকে না। একটি বেঞ্চ করছেন, অন্যরা করছেন না—এ ধারণা ঠিক নয়। আদালত অবমাননা প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে আইন কর্মকর্তা না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা অর্থাৎ বিবাদীপক্ষ আদালতের আদেশের অর্থ বোঝেন না। এটি একটি কারণ। এ ছাড়া অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাম্ভিকতাও দেখা যায়। তবে অবমাননার ক্ষমতার প্রয়োগ খুবই সীমিত। তাই নির্বিচারে এর প্রয়োগ সমীচীন নয় বলে মনে করেন তিনি।ঘটনা: এক. রাজধানীর অবৈধ বিলবোর্ডগুলো অপসারণে অসহযোগিতার ঘটনার ব্যাখ্যা দিতে ৫ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের হাইকোর্ট বেঞ্চে হাজির হন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে হাজিরা থেকে অব্যাহতি পান তিনি। দুই. ১৫ এপ্রিল আদালত অবমাননার অভিযোগে মৌলভীবাজারের জেলা প্রশাসককে ২৬ এপ্রিল হাইকোর্টে ব্যক্তিগতভাবে হাজির হতে নির্দেশ দেন একই বেঞ্চ। তিন. পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্যাতিত সংখ্যালঘু পরিবার উচ্ছেদের ঘটনা ব্যাখ্যা করতে ২৫ এপ্রিল পিরোজপুরের পুলিশ সুপারকে ৬ মে আদালতে হাজির হতে নির্দেশ দেন ওই বেঞ্চ। পুলিশ সুপার নাফিউল ইসলাম ৬ মে ক্ষমা চেয়ে অব্যাহতি পান। চার. তথ্য গোপন করে রিট আবেদন করায় হাইকোর্টের চার আইনজীবীসহ ছয়জনের প্রতি স্বতঃপ্রণোদিত হয়ে ১৩ মে আদালত অবমাননার রুল জারি করেন ওই আদালত। তাঁরা হলেন জামিলুর আক্তার, মো. আবদুর রব, এন এ হামিদ ও এম এ খালেক। পরে ২৬ মে চারজন আইনজীবী আদালতের নির্দেশে দাঁড়িয়ে থাকেন এবং তাঁদের সনদ বাতিল করতে নির্দেশ দেন আদালত। পাঁচ. ৭ জুন রাজধানীর ফার্মগেটে গাড়ি রিকুইজিশন নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ব্যাখ্যার বিষয়ে আদালতে হাজির হন পুলিশের তিন সদস্য। আদালত তাঁদের দায়িত্ব থেকে প্রত্যাহার করতে নির্দেশ দেন। এদিন আদালতের নির্দেশে তিন সদস্য চার ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। ছয়. বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আদালত অবমাননার মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকী হাজির হন ১০ জুন। যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করায় ৩ জুন আদালত তাঁদের হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। সাত. বুড়িগঙ্গা নদীর পানিদূষণ রোধে আদালতের নির্দেশ অনুসারে পদক্ষেপ না নেওয়ায় ৭ জুন রাজধানীর ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ৯ জুন আদালতে হাজির হন ছয় ওসি। তাঁরা হলেন কোতোয়ালি থানার সালাউদ্দিন খান, হাজারীবাগের এনামুল হক, লালবাগের মোহাম্মদ আলী, কামরাঙ্গীরচরের শফিকুল ইসলাম, ডেমরার মাহাবুব হোসেন ও কেরানীগঞ্জের মো. আসাদুজ্জামান। আট. সাতক্ষীরার সদর উপজেলা আওয়ামী লীগের এক নেতার বাড়িতে অস্ত্র উদ্ধারের নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানের ঘটনার ব্যাখ্যার জন্য ৯ জুন হাইকোর্টে হাজির হন র‌্যাবের দুজন কর্মকর্তা। তাঁরা হলেন মেজর কামরুজ্জামান ও ডিএডি দেলোয়ার। নয়. ‘রংপুরে তরুণীকে ১০ দিন আটকে রেখে ধর্ষণ করেছে যুবলীগ নেতা’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে করা রিটের পরিপ্রেক্ষিতে ১০ জুন আদালতে হাজির হন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চেয়ারম্যান, রংপুরের মুখ্য বিচারিক হাকিম, রংপুরের পুলিশ সুপার ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দশ. ২৩ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যসহ শীর্ষস্থানীয় পাঁচজন কর্মকর্তা আদালত অবমাননার মামলায় হাইকোর্টে হাজির হন। এদিন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় তাঁদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁরা হলেন ভারপ্রাপ্ত উপাচার্য তোফায়েল আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আনোয়ার হোসেন, রেজিস্ট্রার ফিরোজ আহমেদ আকতার, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান ও ডিন আবু রায়হান।