তিন মাসে ১০ লাখ মোবাইল কল পেয়েছে বিবিসি জানালা
বিবিসি জানালার মাধ্যমে ইংরেজি শেখার জন্য তিন মাসে ১০ লাখ কল করেছে বাংলাদেশের মোবাইল গ্রাহকেরা। স্বল্প সময়ের এই অর্জনকে মাইলফলক বলে মনে করছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন ফ্রিডম্যান।অ্যালেন ফ্রিডম্যান বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। তিন মাসে এত কলই প্রমাণ করে বাংলাদেশের মানুষ ইংরেজি শেখার জন্য খুবই আগ্রহী। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর জন্য এটি একটি নতুন বিষয়।ট্রাস্টের হেড অব ইন্টার-অ্যাকটিভ সারা চেম্বারলাইন বলেন, মোবাইল ব্যবহারের মাধ্যমে শিক্ষাগ্রহণ একটি নতুন দরজা খুলে দিয়েছে। তিনি বলেন, ইংরেজিকে মানুষের আরও কাছাকাছি আনার জন্য খুব শিগগিরই প্রথম আলোর শিক্ষাপাতায় ইংরেজির লেসনগুলো প্রকাশিত হবে।ট্রাস্টের সিনিয়র প্রোগাম অফিসার আশরাফুজ্জামান বলেন, এই সাফল্য ধরে রাখতে হবে। বাংলাদেশের সব শ্রেণীর মানুষ যেন ভালোভাবে ইংরেজি শিখতে পারে, সেই ব্যবস্থা করা হবে।বিপণন প্রধান সামিরা জুবেরি বলেন, মোবাইল, অনলাইন, এরপর সংবাদপত্রের মাধ্যমে ইংরেজিকে মানুষের কাছে সহজ করে পৌঁছে দেবে বিবিসি।যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) অর্থায়নে পরিচালিত ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের আওতায় বিবিসি জানালা পরিচালিত হচ্ছে। যেকোনো মোবাইল থেকে ৩০০০ নম্বরে ডায়াল করে বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীরা কম খরচে ইংরেজি শিখতে পারেন এই বিবিসি জানালার মাধ্যমে। ২০১০ সালের মধ্যে দুই কোটি ৫০ লাখ মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার জন্য এই উদ্যোগ।