ব্লগার রাজীব হত্যার মূল পরিকল্পনাকারীসহ জড়িত অপর চারজনকে শনাক্ত করার পর তিন মাস পার হলেও তাঁদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আগে গ্রেপ্তার হওয়া পাঁচজনের মতো পলাতক এই চারজনও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী।সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, ব্লগার আহমেদ রাজীব হায়দারকে (৩৪) হত্যার মূল পরিকল্পনাকারীর নাম রেদওয়ানুল আল আজাদ ওরফে রানা। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগের ছাত্র। বাসা ঢাকার বসুন্ধরার আবাসিক এলাকায়। তাঁকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য বিভিন্ন স্থানে অন্তত ৩০ দফা অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা। একইভাবে রাজীব হত্যায় জড়িত রানার অপর তিন সহযোগীও পলাতক রয়েছেন।গত ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাসার সামনে রাজীবকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় দায়ের হওয়া মামলাটি তদন্ত করছে ডিবি। প্রাথমিক তদন্তে এই খুনের ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে শনাক্ত করে ডিবি। তাঁরা হলেন ফয়সাল বিন নাঈম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান ওরফে অনিক (২৩), এহসান রেজা ওরফে রুম্মান (২৩), নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)। তাঁদের গত ১ মার্চ রাতে গ্রেপ্তার করা হয়। এরপর রিমান্ডে জিজ্ঞাসাবাদে এবং পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাঁরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এই পাঁচ ছাত্রকে পরে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করে। তাঁরা এখন কারাগারে আছেন।তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এঁরা সবাই ধর্মভিত্তিক উগ্র মতাদর্শে বিশ্বাসী। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ধর্মের অবমাননা করে ব্লগে লেখালেখির কারণে কথিত বড় ভাই রানার পরিকল্পনায় ও নেতৃত্বে তাঁরা রাজীবকে হত্যা করেন।জানতে চাইলে মামলার তদন্ত-তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ ও উদ্দেশ্য উদ্ঘাটিত হয়েছে। হত্যায় নয়জনের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি চারজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ কারণে অভিযোগপত্র জমা দিতে কিছুটা দেরি হচ্ছে।পাঁচ আসামির জবানবন্দি: তদন্ত ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গ্রেপ্তার থাকা পাঁচ আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির নামাজের ঘরে তাঁরা সমমনারা বসতেন। ধর্মীয় বিষয়াদি নিয়ে আলোচনা করতেন। তাঁদের কথিত বড় ভাই রানা একদিন জানান যে ‘থাবা বাবা’ নামের এক ব্লগার ইন্টারনেটে মহানবী (সা.) ও ইসলাম ধর্মকে অবমাননা করে লেখালেখি করছেন। ব্লগে এসব লেখা দেখে তাঁরা ক্ষুব্ধ হন। তাই এই লেখককে খুন করা ‘ইমানি দায়িত্ব’ বলে তাঁদের উদ্বুদ্ধ করেন। রাজীবকে খুনের দেড় মাস আগে থেকে তাঁরা হত্যার পরিকল্পনা করেন। তাঁরা ‘থাবা বাবা’ হিসেবে রাজীবকে শনাক্ত করেন। এরপর তাঁরা শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে একাধিক দিন রাজীবকে অনুসরণ করে তাঁর বাসা চেনেন এবং গতিবিধি লক্ষ করেন।জবানবন্দিতে এই পাঁচজন জানান, রাজীবকে হত্যার জন্য তাঁরা ‘ইনটেল গ্রুপ’ (গোয়েন্দা দল) গঠন করেন। এই দলের কাজ ছিল তথ্য সংগ্রহ করা, গতিবিধি পর্যবেক্ষণ। আর হত্যার জন্য গঠন করা হয় ‘এক্সিকিউশন গ্রুপ’। তাঁদের কাছে তথ্য ছিল, ১৫ ফেব্রুয়ারি রাজীব শহবাগে যাবেন না। তাঁরা ওই দিন সকাল থেকে রাজীবের বাসার কাছে পাহারা দেন। রাত সাড়ে নয়টার দিকে রাজীব বাসায় ফিরছিলেন। বাসার কাছে পৌঁছামাত্র তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে ও ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। রাজীব একপর্যায়ে লুটিয়ে পড়লে তাঁরা সবাই দৌড়ে চলে যান। রাজিবের বাবা নাজিমুদ্দিন প্রথম আলোকে বলেন, হত্যায় জড়িতদের কারও সঙ্গে রাজীবের কোনো বিরোধ ছিল না। একটি বড় চক্র এই ছাত্রদের ব্যবহার করেছে। তিনি মনে করেন, শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন থামাতে জামায়াত-শিবির এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জবানবন্দি প্রত্যাহারের আবেদন চারজনের: ফয়সাল বিন নাঈম ছাড়া বাকি চারজনের পক্ষ থেকে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়েছে।এঁদের মধ্যে এহসান রেজার বাবা আলী রেজা প্রথম আলোকে বলেন, কারাগারে দেখা করতে গেলে তাঁর ছেলে তাঁকে বলেছেন, ডিবি তাঁদের পাঁচজনকে আদালতে জবানবন্দি দিতে পাঠালেও ম্যাজিস্ট্রেট তাঁদের কোনো কথা জিজ্ঞাসা করেননি। আলী রেজা দাবি করেন, আদালতে ডিবির পাঠানো প্রতিবেদনটিই স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসেবে গ্রহণ করা হয়েছে। তাঁর ছেলে এই হত্যায় জড়িত নন। ডিবির চাপে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ কারণে আইনজীবীর মাধ্যমে জবানবন্দি প্রত্যহারের জন্য তিনি আদালতে আবেদন করেছেন।জবানবন্দি প্রত্যাহারের আবেদনের কারণ সম্পর্কে মাকসুদুল হাসান, নাঈম শিকদার ও নাফিস ইমতিয়াজের পরিবারের পক্ষ থেকেও একই দাবি করা হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে ডিবির উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনই স্বেচ্ছায় আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের কোনো রকমের ভয় দেখানো হয়নি।