নির্বাচনী ব্যয়ের হিসাব না দেওয়ার মামলা
তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেলেন মিলন
নির্বাচনের হিসাব বিবরণী নির্দিষ্ট সময়ে জমা না দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন আদালত। আজ সোমবার বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মিলনের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মিলনের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এহসানুল হক মিলনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এ নিয়ে দুটি মামলায় তিনি জামিন পেলেন। প্রসঙ্গত, নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ার অভিযোগে চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা গত বছরের ২৮ জুলাই চাঁদপুরের মডেল থানায় মামলা করেন। এ বছরের ১৪ মার্চ অপর একটি মামলায় তিনি চাঁদপুরের নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জেল হাজতে পাঠান। জেলে থাকা অবস্থায় পরের দিন ১৫ মার্চ তাঁকে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মিলন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আছেন।