তিন মাসের জামিন পেলেন র‌্যাংকসটেলের ৯ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ চৌধুরী, পরিচালক আমানুল্লাহ চৌধুরীসহ নয় কর্মকর্তার তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আগাম জামিন চেয়ে তাঁদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মো. আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি আবদুল হাইয়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়, তিন মাস অথবা পুলিশ প্রতিবেদন দাখিল—যেটি আগে হয় সে সময় পর্যন্ত জামিন মঞ্জুর করা হলো। যাঁরা জামিন পেয়েছেন তাঁদের মধ্যে আছেন আবদুর রউফ চৌধুরী, আমানুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফউদ্দিন, ফজলে সেলিম, জাকিয়া রউফ চৌধুরী, রুমু চৌধুরী, সোহানা রউফ চৌধুরী ও এ কে এম শামসুদ্দিন। জামিন পাওয়ার পর আদালত থেকে বেরিয়ে র‌্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, স্বদেশি বেসরকারি ল্যান্ডফোন কোম্পানিগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। অবৈধ ভিওআইপির সঙ্গে র‌্যাংকসটেলের কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, গত ২০ মার্চ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে র‌্যাংকসটেলের ব্যবস্থাপনা পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে বিটিআরসি এই মামলা করে।