তিন মাসের নির্বাচন তিন বছরেও হবে না
আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তিন মাসের নির্বাচন তিন বছরেও হবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নানা কারণে বিতর্কিত হয়েছে বলেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রসঙ্গ এসেছে। নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে উল্লে¬খ করে তিনি বলেন, তবে ওই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারপ্রধানের ভূমিকা নিরপেক্ষ থাকবে।আজ শনিবার রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এক আলোচনা সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। ‘অন্তর্বর্তীকালীন সরকারের অধীন ব্যতীত জাতীয় নির্বাচনের বিকল্প নেই’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা পরিষদ। খবর বাসসের।মোহাম্মদ নাসিম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আদালত কর্তৃক মীমাংসিত হয়েছে। এখন জাতীয় সংসদের ওপর আস্থা রাখতে হবে।তিনি এই ইস্যুকে সমাধানের পর্যায়ে নিয়ে যেতে বিরোধী দলকে জাতীয় সংসদে গিয়ে কথা বলার জন্য আহ্বান জানান। গণতন্ত্রকে সুসংহত এবং গণতন্ত্রের চর্চা করতে হলে জাতীয় সংসদই একমাত্র আস্থার স্থল বলেও তিনি মন্তব্য করেন।মোহাম্মদ নাসিম বলেন, দুর্বল লোকদের দিয়ে দেশ চলতে পারে না, এ জন্য নির্বাচিত প্রধানমন্ত্রীর অধীনেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। সেই নির্বাচনে যারা জিতবে তারাই ক্ষমতা গ্রহণ করবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঐক্য ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁকে সহযোগিতা করা সবার দায়িত্ব বলে তিনি মনে করেন। তিনি বলেন, নির্বাচন যে পদ্ধতিতেই হোক না কেন, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে আওয়ামী লীগকে জিততে হলে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে বলে তিনি উল্লে¬খ করেন।সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বজলুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক ছাত্রনেতা বলরাম পোদ্দার, অধ্যাপক আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য দেন। রোকন উদ্দিন পাঠান এ সভা পরিচালনা করেন।