তিন মাসের মধ্যে উড়াল সড়ক নির্মাণকাজ শুরু: যোগাযোগমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে উড়াল সড়ক নির্মাণে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানিকে নির্বাচন করেছে বাংলাদেশ সেতু বিভাগ। শিগগিরই এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। তিন মাসের মধ্যেই উড়াল সড়কের নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। আজ শনিবার বনানীর সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতালি ও থাইল্যান্ডের যৌথ বিনিয়োগে গঠিত ইতাল-থাই কোম্পানিটি ‘আই’ ও ‘বক্স’ দুইভাবে উড়াল সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে। ‘আই’ আকৃতির উড়াল সড়ক নির্মাণে সাত হাজার ৭৬৬ এবং বক্স আকৃতি হলে আট হাজার ৭০৩ কোটি টাকা খরচ পড়বে। রাজধানীর মহাখালীর ফ্লাইওভারটি ‘বক্স’ এবং খিলগাঁওয়েরটি ‘আই’ আকৃতির। উড়াল সড়ক নির্মাণে আহ্বান করা দরপত্র মূল্যায়নে গঠিত বিশেষজ্ঞ কমিটির আহ্বায়ক জামিলুর রেজা চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, কোন পদ্ধতিতে উড়াল সড়ক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংবাদ সম্মেলনে সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, উড়াল সড়কের জন্য জমি ও পুনর্বাসনে ব্যয় বহন করবে সরকার। এর বাইরে উড়াল সড়ক নির্মাণে যে ব্যয় হবে, তার ২৭ ভাগ সরকার এবং ৭৩ ভাগ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতাল-থাই বহন করবে। জামিলুর রেজা চৌধুরী জানান, ২৬ কিলোমিটারের এই উড়াল সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেতে কার ও মাইক্রোবাসকে ১২৫ টাকা টোল দিতে হবে। বাসের ক্ষেত্রে টোল দ্বিগুণ অর্থাত্ ২৫০ টাকা। শ্রেণীভেদে ট্রাকের জন্য টোল হবে ৫০০ থেকে ৭৫০ টাকা। চালু হওয়ার তিন বছর পর মূল্যস্ফীতি বিবেচনায় এনে টোল বাড়ানো হতে পারে। টোলের ২৫ শতাংশ সরকার এবং বাকিটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান পাবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের অতিরিক্ত নির্বাহী পরিচালক এস এম সালেহ উদ্দিন, অর্থ বিভাগের উপসচিব ইকবাল আবদুল্লাহ হারুন ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী আবদুল অদুদ। তাঁরা সবাই দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য। কমিটির আরেক সদস্য রহমত উল্লাহ সভায় উপস্থিত ছিলেন না।