পাটের জীবনরহস্য উন্মোচন নিয়ে সংবাদ সম্মেলন
তিন মাসের মধ্যে মেধাস্বত্ব অধিকার পাবে বাংলাদেশ
তিন মাসের মধ্যে পাটসংক্রান্ত গবেষণা ও উদ্ভাবনের মেধাস্বত্ব অধিকার বাংলাদেশের নামে নিবন্ধন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। নিবন্ধনের পর পৃথিবীর কোনো দেশ পাট নিয়ে গবেষণা করতে গেলে বাংলাদেশের অনুমতি নিতে হবে, অর্থ দিতে হবে। পাটের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্সিং) উন্মোচনের সুফল কৃষকের কাছে পৌঁছে দিতে সময় লাগবে চার থেকে পাঁচ বছর।গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষক দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।সংবাদ সম্মেলনের শুরুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘মাকসুদুল আলমের পাটের ওপর গবেষণার কথা আগে শুনেছিলাম। কিন্তু তাঁকে কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে দ্বিধায় ছিলাম। প্রথম আলো পত্রিকায় তাঁর রাবারের জিনোম সিকোয়েন্সিং এবং পাট নিয়ে গবেষণার সংবাদ পড়ার পর আমি স্থির সিদ্ধান্তে পৌঁছাই। এরপর মালয়েশিয়ায় ফোন করে তাঁকে দেশে আসতে বলি।’মতিয়া চৌধুরী বলেন, তুলা থেকে সুতা তৈরির ক্ষেত্রে বিশ্বে অনেক আগেই বিপ্লবের সূচনা হয়েছে। এখন জীবনরহস্য উন্মোচনের ফলে এমন জাতের পাট উৎপাদন করা যাবে, যার আঁশ দিয়ে সূক্ষ্ম সুতা তৈরি করা যাবে। এর ফলে দেশের বস্ত্রশিল্পের চেহারা বদলে যাবে। পাটের জীবনরহস্য উন্মোচন পাট খাতে নতুন বিপ্লবের সূচনা করবে।যে গবেষক দলটি এই সফলতা এনে দিল, তাদের ব্যাপারে আপনাদের পরিকল্পনা কী, জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, এ গবেষণার সুফল কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত গবেষক দলকে সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতে এই তরুণ গবেষকদের ধরে রাখতে প্রধানমন্ত্রী উদ্যোগ নিতে যাচ্ছেন বলেও জানান তিনি। গবেষক দলের প্রধান মাকসুদুল আলম বলেন, বাংলাদেশের উপযোগী পাটের বীজ উদ্ভাবনের জন্য এ গবেষণা নতুন দ্বার উন্মোচন করল। চার-পাঁচ বছরের মধ্যে এর সুফল কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া হবে।অপর গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান বলেন, ‘এ অর্জন আমাদের তারুণ্যের বিজয়। প্রবাসী বিজ্ঞানীদের সঙ্গে এ দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানীরা একত্র হয়ে যুগান্তকারী সফলতা এনেছেন।’ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান বলেন, তথ্যপ্রযুক্তির সঙ্গে প্রাণরসায়ন বিজ্ঞানের সঠিক সমন্বয়ের কারণেই এ উদ্ভাবন সম্ভব হয়েছে।বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কামালউদ্দিন বলেন, এখন প্রতি হেক্টরে দুই মেট্রিক টন পাট হয়। সামনের দিনে এমন জাত উদ্ভাবন করা সম্ভব হবে, যা প্রতি হেক্টরে তিন থেকে সাড়ে তিন মে. টন ফলন দেবে। লিগনিন নামক জৈব রাসায়নিক উপাদান বেশি থাকায় পাটের আঁশ মোটা হয়। ফলে তা দিয়ে শুধু দড়ি ও চট তৈরি করা যায়। লিগনিনের পরিমাণ কমিয়ে আনতে পারলে তা দিয়ে সূক্ষ্ম সুতা তৈরি করা যাবে।পাট খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে বন্ধ পাটকলগুলো কবে চালু করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা এরই মধ্যে বন্ধ কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেছি। আমাদের একটু সময় দেন, ধীরে ধীরে পাটকলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেব।’আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেলিন বলেন, ‘মুসা ইব্রাহীম যেভাবে এভারেস্ট জয় করেছেন, আমাদের তরুণ গবেষকেরা একইভাবে পাটের জীবনরহস্য উন্মোচন করেছেন। এ শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় ধরনের অর্জন সম্ভব।’