তিন মাসেরটা সাত বছরেও শেষ হলো না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রের নির্মাণ কাজ সাত বছরেও শেষ হয়নি। অথচ এটি নির্মাণের জন্য তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং সিএমএমইউর অবহেলায় ভবনটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় কর্তব্যরতদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন রোগীরা। জানা যায়, স্বাধীনতা-পরবর্তী সময়ে উপজেলার পূর্ব-উত্তর এলাকার ব্রহ্মগাছা বাজারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। প্রথম যে ভবনে স্বাস্থ্যসেবা দেওয়া হতো তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিএমএমইউ (নির্মাণ ও রক্ষণাবেক্ষণ শাখা) গত জোট সরকারের আমলে ২০০৩ সালে পুরোনো ভবনটির পাশে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু দীর্ঘদিন পরও নির্মাণকাজ শেষ হয়নি। ২ অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন ভবনটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। এখনো অনেক কাজ বাকি। পাশের জরাজীর্ণ পুরোনো ভবনটিতে চিকিৎসা কার্যক্রম চলছে। এ ব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নতুন বিল্ডিংয়ের কাজ শেষ না হওয়ায় এই ভবনেই কাজ চালাতে হচ্ছে। এখানে বৃষ্টি হলেই পানি পড়ে। সামনে পানি জমে যায়। তার পরও কারও ভ্রূক্ষেপ নেই। পরিবার কল্যাণ পরিদর্শিকা মুন্সি মনোয়ারা বলেন, ‘রোগীগো সেবা দেই খুব কষ্টে। কাজ করতে গিয়ে অনেক সময় ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে রোগী ও আমাগো আহত হওয়ার ঘটনাও ঘটছে।’ রান্ডিলা গ্রামের সুফিয়া বেগম বলেন, ‘কী সোন্দর দালান বানাইছে! কিন্তু তালা দেওয়া। কবে খুলব কেউ জানে না।’ ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আনিসুর রহমান বলেন, একটি স্বাস্থ্যকেন্দ্র দীর্ঘদিনেও নির্মাণ শেষ করতে পারে না যারা, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না সেটাই আশ্চর্য। তিনি দ্রুত নতুন ভবন চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যালয়ের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতিতে দীর্ঘদিনেও এই স্বাস্থ্যকেন্দ্রটির নির্মাণকাজ শেষ হয়নি। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই ঠিকাদার চেষ্টা করছেন ভবনটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে। কিন্তু দীর্ঘ সাত বছরে পড়ে থেকে ভবনটির অনেক জায়গার প্লাস্টার ও চুনকাম উঠে গেছে। সবচেয়ে বড় কথা, এত দিন পরে কর্তৃপক্ষ এটি গ্রহণ করতে রাজি হচ্ছে না। এদিকে নির্মাণ প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে সময়মতো ভবনটির কাজ শেষ করা যায়নি। সিএমএমইউর সিরাজগঞ্জ কার্যালয়ের একটি সূত্র জানায়, কাজ শেষ করে অল্প দিনের মধ্যেই উপস্বাস্থ্যকেন্দ্রের কাছে ভবনটি বুঝিয়ে দেওয়া হবে।রায়গঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমি অল্প দিন আগে এখানে এসেছি। কাগজপত্র দেখে এ ব্যাপারে জানানো যাবে।