তিন মিনিটের জন্য স্তব্ধ বাংলাদেশ (ভিডিও)
কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার তিন মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়ে সারা দেশ। শাহবাগের আন্দোলনকারীদের ডাকে একাত্মতা পোষণ করে সর্বস্তরের মানুষ বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত যে যাঁর অবস্থানে থেকে দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় রাজধানী ঢাকাসহ গোটা বাংলাদেশের লাখ লাখ মানুষ বাড়িতে, গাড়িতে, রাস্তায় বা কর্মস্থলে দাঁড়িয়ে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন।শাহবাগের প্রজন্ম চত্বরে বিকেল চারটার এক মিনিট আগে থেকে শুরু হয় কাউন্ট ডাউন। হাজার হাজার মানুষ কাউন্ট ডাউনের সঙ্গে গলা মেলান। বিকেল চারটায় স্তব্ধ হয়ে যায় শাহবাগ। রূপসী বাংলা হোটেলের সামনে থেকে শুরু করে শাহবাগ, টিএসসির চত্বর ও এর আশপাশের সব এলাকায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে পড়েন তিন মিনিটের জন্য। কেউ দুই হাত তুলে সমর্থন জানান। কেউ হাতে হাত ধরে নীরবে দাঁড়িয়ে থাকেন। শুধু শাহবাগ নয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতাল থেকেও বেরিয়ে আসেন চিকিত্সকেরা। আজিজ সুপার মার্কেট আজ বন্ধ ছিল। তবে এর আশেপাশের ছোট ছোট দোকান থেকে বের হয়ে আসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। নীরব থেকে তিন মিনিটের জন্য সংহতি জানান তাঁরা। দুপুরের দিকে কারওয়ান বাজার, মতিঝিলসহ কয়েকটি এলাকায় শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলে। আশঙ্কা ছিল, এতে শাহবাগে লোকসমাগম কমে যেতে পারে। তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে শাহবাগে জনস্রোত বাড়ছেই। গতকাল সোমবার শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে ব্লগার ইমরান এইচ সরকার এ কর্মসূচি পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সব বয়সের, সব শ্রেণী-পেশার মানুষ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন মিনিট নীরবতা পালন করেন।সচিবালয়ের বাইরেও ছিল একই দৃশ্য। রাজপথে নেমে বিকেল চারটা থেকে চারটা তিন মিনিট পর্যন্ত নীরবতা পালন করেছেন সরকারের মন্ত্রী. প্রতিমন্ত্রী, সচিবসহ প্রশাসনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী। মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষা ভবন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যান। এ সময় তাঁরা রাজাকারদের ফাঁসি চেয়ে বিভিন্ন স্লোগান দেন। শাহবাগে তারুণ্যের প্রতিবাদ আজ অষ্টম দিনে গড়াল। টানা সাত দিন রাজপথে কাটালেও এতটুকু ক্লান্তির ছাপ নেই আন্দোলনকারীদের কণ্ঠে। স্লোগান, কবিতা, গান আর দেশপ্রেমে উদ্বুদ্ধ জনতার কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি চলছেই।সময় যত গড়াচ্ছে, লোকসমাগম তত বাড়ছে। চলছে প্রতিবাদী তারুণ্যের প্রতিবাদ। সকাল থেকেই নানা শ্রেণী-পেশার মানুষ শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে আন্দোলনকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন। যোগ দিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।আজ সকালে রূপসী বাংলা হোটেল থেকে শাহবাগ হয়ে মত্স্য ভবন যাওয়ার পথটি খুলে দেওয়া হয়েছে। এতে ওই সড়ক দিয়ে এখন যান চলাচল করছে।নানাজনের সংহতি প্রকাশজনতা ব্যাংকের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারকাত বেলা সোয়া ১১টার কিছু পরে গণজাগরণ মঞ্চে গিয়ে সংহতি প্রকাশ করেন। তিনি এ সময় বলেন, ‘মুক্তিযুদ্ধের ৪২ বছর পর এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা যে পথ দেখাল, তা আমি মাথা পেতে নিলাম।’ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্যের প্রতিবাদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি রাজাকারের ফাঁসি, রাজাকারমুক্ত বাংলাদেশ, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ, ধর্ম যার যার রাষ্ট্র সবার, মৌলবাদের অর্থনীতির যে ভিত গড়ে উঠেছে তা বয়কটের কথা বলেন।পরে আবুল বারকাতের লেখা ‘বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি’ বইটির ১০ হাজার কপি বিনা মূল্যে বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ও দর্শন বিভাগের শিক্ষার্থীদের একটি দল সংহতি প্রকাশ করেছে। এ ছাড়া প্রজন্ম চত্বরে যোগ দিয়েছে উদয়ন স্কুল, হলিক্রস কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখরিত প্রজন্ম চত্বর ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগান। প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন স্লোগান।কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এই বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা এ আন্দোলনে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি লাখো জনতার মহাসমুদ্রের কেন্দ্রবিন্দু শাহবাগের ‘প্রজন্ম চত্বরের’ নবজাগরণ মঞ্চ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।