তিন মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তিন মেয়র পদপ্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেন ২৩ দফা এবং দলটির আরেকজন প্রার্থী মাহমুদুল হক খান ১৯ দফা ইশতেহার দিয়েছেন। এর আগে গত রোববার ২২ দফা ইশতেহার দিয়েছেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব।ইশতেহারে তিন প্রার্থীই নগরের বর্ধিত অঞ্চলের উন্নয়নের কথা বলেছেন। বলেছেন মাদক ও সন্ত্রাসমুক্ত নগর গড়ে তোলার কথা। গুরুত্ব দিয়েছেন তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যসমৃদ্ধ করার জন্য। জানিয়েছেন, নগরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সংরক্ষণের উদ্যোগ নেবেন। শিক্ষানগর, আধুনিক শিল্পনগর গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন তিন মেয়র পদপ্রার্থী।ব্যতিক্রমী ইশতেহারের মধ্যে এগিয়ে শওকত হোসেন। তিনি গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় নগরের অশ্বিনী কুমার হলে তাঁর ইশতেহারে ঘোষণা করেন যে বরিশালের সঙ্গে রেললাইন স্থাপন, ভোলার গ্যাস বরিশালে এনে শিল্পকারখানা ও ইপিজেড গঠন করা হবে। এতে আরও আছে তরুণ প্রজন্মের জন্য তথ্যপ্রযুক্তির ওয়াইফাই সেবা নিশ্চিত করা, উড়ালসেতু বা ফ্লাইওভার ও রিং রোড নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা, সব দলের সহাবস্থান নিশ্চিত করা।সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক মো. হানিফের সভাপতিত্বে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ তালুকদার মো. ইউনুস, আওয়ামী লীগের নেতা মাহবুবউদ্দিন আহম্মেদ বীর বিক্রম, মনিরুল ইসলাম, নুরুন্নবী শাওন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, ছাত্রলীগের সাবেক সহসভাপতি বলরাম পোদ্দার প্রমুখ।বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব ইশতেহারে অগ্রাধিকার দেন সর্বস্তরের নাগরিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নগর উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, উৎকোচবিহীন উন্নয়ন, হোল্ডিং, ট্রেড লাইসেন্স ফি কমানো ইত্যাদি। গত রোববার নগরের অশ্বিনী কুমার হলে ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজউদ্দিন আহম্মেদ বীর বিক্রম, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য সাংসদ মেজবাহউদ্দিন, সাবেক সাংসদ আবুল হোসেন খান, ইসরাত সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক এবায়েদুল হক, সাধারণ সম্পাদক বিলকিস জাহান, মহানগরের সাধারণ সম্পাদক কামরুল আহসান প্রমুখ।মাহমুদুল হক খান গতকাল দুপুরে প্রেসক্লাবে তাঁর ইশতেহার ঘোষণা করেন। তিনি ইশতেহারে গুরুত্ব দিয়েছেন দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন গড়ে তোলার বিষয়ে।