বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পাঁচ মেয়র পদপ্রার্থীর মধ্যে আওয়ামী লীগের দুজনের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই বলে তাঁরা হলফনামায় উল্লেখ করেছেন। অন্যদিকে মনোনয়নপত্র দাখিল করা বিএনপির তিন নেতার বিরুদ্ধে এক বা একাধিক ফৌজদারি মামলা রয়েছে।এই পাঁচজন প্রার্থীর মধ্যে সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন, আহসান হাবিব ও এবায়দুল হক ২০০৮ সালের নির্বাচনেও প্রার্থী ছিলেন। সে সময় তাঁদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ছিল। অপর দুই প্রার্থী মাহমুদুল হক খান ও কামরুল আহসান এবারই প্রার্থী হয়েছেন।সদ্য বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই বলে তিনি নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় উল্লেখ করেছেন। অতীতে তিনি চারটি ফৌজদারি মামলার আসামি ছিলেন। এর মধ্যে দুটি মামলা প্রত্যাহার করা হয়, একটিতে তিনি বেকসুর খালাস এবং অন্যটিতে অভিযোগ গঠনের সময় অব্যাহতি পেয়েছেন বলে জানিয়েছেন।২০০৮ সালের হলফনামায় দেখা যায়, শওকত হোসেন দুটি ফৌজদারি মামলার আসামি ছিলেন।মেয়র পদের আরেক প্রার্থী বরিশাল জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান হলফনামায় জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। অতীতে দুটি মামলা ছিল, যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।মেয়র পদে প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব হলফনামায় তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। অন্য মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়নি। অতীতে তাঁর বিরুদ্ধে চারটি মামলা ছিল। ওই সব মামলায় তিনি বেকসুর খালাস পেয়েছেন। ২০০৮ সালের নির্বাচনের সময় তাঁর বিরুদ্ধে কোনো মামলা ছিল না।আরেক প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হকের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা রয়েছে। তিনটি মামলাই বিচারাধীন। ২০০৮ সালের হলফনামায় চারটি ফৌজদারি মামলার উল্লেখ ছিল।অপর প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান তাঁর হলফনামায় একটি মামলা বিচারাধীন এবং অতীতে তাঁর বিরুদ্ধে দুটি মামলা ছিল বলে উল্লেখ করেছেন।