জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনটি যুক্তি সামনে রেখে আপিল করার প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ। চলতি সপ্তাহে এ আপিল করা হতে পারে।মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ এবং একটি অভিযোগ থেকে খালাস দেন।যোগাযোগ করা হলে গতকাল রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, ‘তিনটি যুক্তিতে আপিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, চলতি সপ্তাহে আপিল করা যাবে।’ যুক্তিগুলো কী কী—এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা বলেন, ‘কাদের মোল্লার বিরুদ্ধে ১, ২, ৩ নম্বর অভিযোগের জন্য সর্বসাকল্যে ১৫ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ছয়টি অভিযোগের মধ্যে ৫ ও ৬ নম্বর অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এতে আমরা সংক্ষুব্ধ।’মাহবুবে আলম বলেন, আশা ছিল প্রতিটি অভিযোগের বিপরীতে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এ জন্য আপিলে আরজি জানানো হবে। এসব অভিযোগ প্রমাণিত হয়েছে, এ ক্ষেত্রে মৃত্যুদণ্ড পাওয়া যুক্তিযুক্ত। এ ছাড়া চতুর্থ অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া সমীচীন হয়নি বলে যুক্তি তুলে ধরা হবে।কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তা প্রত্যাখ্যান করে জনতা। শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে ওঠে। মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে শুরু হয় আন্দোলন। পরে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ সংসদে পাস হয়। সংশোধিত আইনে রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও বাদীপক্ষেরও আপিলের সমান সুযোগ রাখা হয়েছে। এতে ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করারও বিধান রাখা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।