তিন যুগ পূর্তিতে মুখর শিল্পকলা একাডেমী
শিল্পকলা একাডেমীর নাট্যশালায় তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। নির্দেশকের ইশারায় মঞ্চে বেজে উঠল যন্ত্রসংগীত। গিটার আর বেহালায় বেজে উঠল ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ ও ‘ফুলে ফুলে ঢলে ঢলে’ গানের সুর। তার সঙ্গে দর্শক মেলালেন কণ্ঠ। ক্লাসিক্যাল মিউজিক একাডেমির শিশুশিল্পীদের এই অর্কেস্ট্রা পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল সন্ধ্যার আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমী তিন যুগ পূর্ণ করেছে। এ উপলক্ষে একাডেমী দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করেছে। গতকাল রোববার সকালে বেলুন উড়িয়ে তিন যুগ পূর্তির শোভাযাত্রার উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।অনুষ্ঠানের প্রথম দিনে সকাল থেকে রাত পর্যন্ত নাটক, নাচ, গানে মুখরিত ছিল একাডেমী।সন্ধ্যার আয়োজনে সংগীতশিল্পী শাকিলা জাফর গেয়ে শোনান ‘বারে বারে মনে পড়ে’ গানটি। তাঁর একক সংগীতের সঙ্গে মঞ্চে এলেন তপন চৌধুরী। তাঁরা দুজনে ‘তুমি আমার প্রথম সকাল’ গানটি পরিবেশন করেন। পরে তপন চৌধুরী গেয়ে শোনান ‘আকাশের সব তারা ঝরে যাবে’।লালনের ‘বড় সংকটে’ গানটি শোনান শিল্পী ফরিদা পারভীন। রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘আকাশভরা সূর্য-তারা’ ও ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’ গান দুটি ।নজরুলের ‘আলগা কর গো খোঁপার বাঁধন’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন লিখন ও নাদিয়া।আরও সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুল জব্বার, রফিকুল আলম, আবিদা সুলতানা, ফাতেমা-তুজ-জোহরা, সালমা আকবর, মীনা বড়ুয়া, সাজিদ আকবর প্রমুখ। নৃত্য পরিবেশন করে নৃত্যলোক সাংস্কৃতিক কেন্দ্র, নটরাজ ও পল্লভী ডান্স সেন্টার।সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় মামুনুর রশীদের রচনা ও ফয়েজ জহীরের নির্দেশনায় চে’র সাইকেল নাটকটি। আজ সোমবারও শিল্পকলা একাডেমীতে সারা দিন নানা অনুষ্ঠান থাকছে।