তিন লাশের পরিচয়, দুজনই হত্যা মামলার আসামি
ঢাকার তুরাগ নদের পার থেকে বালু খুঁড়ে উদ্ধার করা তিনটি লাশের পরিচয় পাওয়া গেছে। এঁরা হলেন ঝালকাঠির ঠিকাদার মিজানুর রহমান (৪০), তাঁর বন্ধু নাজমুল হক মুরাদ (২৮) ও তাঁদের সঙ্গী মো. ফোরকান (১৮)। গতকাল বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে গিয়ে স্বজনেরা লাশ শনাক্ত করার সময় কান্নায় ভেঙে পড়েন।স্বজনদের দাবি, ১৭ এপ্রিল প্রতিপক্ষের লোকজন এঁদের অপহরণের পর হত্যা করে। এরপর লাশ গুম করতে তুরাগতীরে পুঁতে রাখা হয়। মিজানুর রহমান ও নাজমুল হক পিরোজপুরে ব্যবসা করলেও তাঁরা হত্যা মামলার আসামি। হাইকোর্ট থেকে জামিন নিতে তাঁরা ঢাকায় এসেছিলেন। আর ফোরকান মহাখালীতে মাইক্রোবাস চালাতেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে জানান, পিরোজপুরে সংঘটিত আওয়ামী লীগের নেতা গিয়াসউদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিজান ও নাজমুল নিজ এলাকা ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন। তাঁদের সঙ্গে ফোরকানও ঢাকায় আসেন। গত মঙ্গলবার দুপুরে তুরাগসংলগ্ন চন্দ্রিমা হাউজিংয়ের বালুর নিচে একটি গর্ত থেকে একে একে তিনটি লাশ উদ্ধার করা হয়। লাশগুলোতে পচন ধরে যায়। প্রত্যেকের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। একজনের গলা কাটা ও অন্য দুজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।লাশ শনাক্ত: গতকাল সকালে স্বজনেরা পিরোজপুর ও ঝালকাঠি থেকে লাশ শনাক্ত করতে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আসেন। ঝালকাঠির রাজাপুর থানার নৈকাঠির বাসিন্দা মিজানের লাশ শনাক্ত করেন তাঁর মা রাজিয়া বেগম। মিজানের বাবার নাম বেলায়েত জমাদ্দার। পিরোজপুরের কাউখালীর দক্ষিণ বাজারের বাসিন্দা নাজমুল হকের লাশ শনাক্ত করেন তাঁর ভাই মিরাজুল হক। ঝালকাঠির রাজাপুরের বদরপুরের ফোরকানের লাশ শনাক্ত করেন তাঁর ভাই মো. ফেরদৌস।মিজানের মা রাজিয়া বেগম জানান, ১৭ এপিল অপহরণের পর তাঁর ছেলের সন্ধানে তিনি প্রতিদিন টেলিভিশনের খবর দেখতেন। মঙ্গলবার রাত আটটায় তিনি তিনটি লাশ তোলার দৃশ্য দেখেন টেলিভিশনে। এরপর ঢাকায় স্বজনদের সঙ্গে এবং মিজানের বন্ধু নাজমুল ও ফোরকানের স্বজনদের সঙ্গেও যোগাযোগ করা হয়।মিজানের স্ত্রী নাসিমা বেগম গতকাল ঢাকা মেডিকেল কলেজের মর্গে বারবার মূর্ছা যান। জ্ঞান ফিরে এলেই তিনি স্বামীর জন্য বিলাপ করছিলেন। কাঁদছিল তাঁর কোলের সন্তান হূদিতাও (৫)।গতকাল দুপুরে ভাসানটেকের দেওয়ানপাড়ার সেতারা বেগম ও তানিয়া বেগম মিজানের লাশকে তাঁদের স্বামী ইসমাইল মীর বলে দাবি করেন। তাঁরা জানান, ২২ এপ্রিল থেকে তাঁদের স্বামী নিখোঁজ। কিন্তু পুলিশের সামনে তাঁরা এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। এরপর তাঁরা ফোরকানকেও তাঁদের স্বামী ইসমাইল মীর বলে দাবি করেন। এবারও তাঁরা প্রমাণ দেখাতে ব্যর্থ হন। তাঁরা সাংবাদিকদের বলেন, মিজান ও ফোরকানের লাশকে তাঁদের স্বামীর মতো মনে হলেও যথাযথভাবে শনাক্ত করতে পারেননি।মিজানের মা রাজিয়া বেগম জানান, সম্প্রতি পিরোজপুরের কাউখালীতে আওয়ামী লীগের কর্মী আইনজীবী গিয়াসউদ্দিন মাসুদ খুন হন। মিজান বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় এ হত্যা মামলায় মিজান ও তাঁর বন্ধু নাজমুলকে ফাঁসানো হয়েছে। কিছু দিন ধরে মিজানের স্ত্রী নাসিমা বেগম অসুস্থ। ১৩ এপ্রিল মিজান তাঁর অসুস্থ স্ত্রীকে চিকিৎসক দেখাতে ও হত্যা মামলায় জামিন নিতে ঢাকায় আসেন। সঙ্গে তাঁদের সন্তান হূদিতাকেও নিয়ে আসেন।যেভাবে নিখোঁজ হন: নিহত মিজানের স্ত্রী নাসিমা বেগম ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রথম আলোকে জানান, ঢাকায় এসে তাঁরা মিজানের মামাতো ভাইয়ের উত্তরার আবদুল্লাহপুরের বাসায় উঠেন। ১৭ এপ্রিল গ্রামের বাড়ি থেকে মিজানের নামে এসএ পরিবহনে ৪০ হাজার টাকা পাঠানো হয়। মিজানের বন্ধু নাজমুল ও ফোরকান ওই টাকা তুলতে যান এসএ পরিবহনের আবদুল্লাহপুর শাখায়। বিকেলে টাকা তুলে তাঁরা আর বাসায় ফেরেননি। পরে তাঁরা ফোন করে জানান, তাঁরা ছিনতাইকারীর কবলে পড়েছেন। এরপর তাঁদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। রাতে তিনি ও তাঁর স্বামী তাঁর ভগ্নিপতির কুড়িলের বাসায় আসেন। হঠাত্ নাজমুল ও ফোরকান ফোনে জানান, তাঁরা কুড়িল সড়কে আছেন। সেখানে মিজানকে যেতে বলা হয়। এ সময় মিজানের সঙ্গে তিনি, তাঁর ভগ্নিপতি, তাঁর স্বামীর মামাতো ভাই যান। এরই মধ্যে দুটি সাদা গাড়িতে ১২-১৪ জন দুর্বৃত্ত নামে। তারা ফোরকান ও নাজমুলকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ি থেকে নামায়। দুর্বৃত্তদের সঙ্গে একই এলাকার সিদ্দিক ও ঠান্ডুকেও তাঁরা দেখতে পান। একপর্যায়ে তারা মিজানকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। দুর্বৃত্তরা তাঁদের তিনজনকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনা র্যাব, গোয়েন্দা পুলিশ ও সিআইডিকে জানানো হয়। ১৯ এপ্রিল বাড্ডা থানায় মামলা করতে গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করে। এরপর তারা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁদের সন্ধান পাননি।হত্যার নেপথ্যে: মিজানের মা রাজিয়া বেগম মর্গে সাংবাদিকদের বলেন, সিদ্দিক ও ঠান্ডুর বাড়ি ঝালকাঠির রাজাপুরে। এলাকায় খুন-খারাবি করে তারা ঢাকায় আসে। পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালে সিদ্দিক ও ঠান্ডু মিরপুরে তাঁর বড় জামাতা বাবুল মোল্লাকে খুন করে। এ ঘটনায় সিদ্দিক ও ঠান্ডুকে আসামি করে থানায় মামলা হয়। মামলা পরিচালনা করতেন মিজান। সম্প্রতি আদালতের রায়ে সিদ্দিক ও ঠান্ডুর যাবজ্জীবন সাজা হয়। সম্প্রতি তারা জামিনে বেরিয়ে আসে।রাজিয়া বেগম জানান, রাজনীতি করার কারণে আওয়ামী লীগের লোকজন তাঁর ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক সাত-আটটি মামলা করে। মিজান দোষী হলে আইন বিচার করবে। তাঁকে মেরে ফেলা হলো কেন?মিজানের স্ত্রী নাসিমা বেগম জানান, মিজান রাজাপুরের সাতুরিয়া ইউপির চেয়ারম্যান পদে বিএনপির পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন। সন্ত্রাসী সিদ্দিকও আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নেয়। সিদ্দিক পথের কাঁটা সরাতেই মিজান ও তাঁর দুই বন্ধুকে পরিকল্পিতভাবে হত্যা করে।গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে মিজান, নাজমুল ও ফোরকানের লাশ তাঁদের গ্রামের বাড়িতে নেওয়া হয়। ময়নাতদন্তকারীরা জানান, তিনজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।মোহাম্মদপুর থানার ওসি মাহবুব হাসান বলেন, মঙ্গলবার মধ্যরাতে এ ব্যাপারে পুলিশ হত্যা মামলা করে। মামলায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের আসামি করা হয়েছে।আমাদের পিরোজপুর ও ঝালকাঠি প্রতিনিধি জানান, কাউখালী উপজেলার সীমান্তে রাজাপুরের নৈকাঠি এলাকার বেলায়েত জমাদ্দারের ছেলে মিজানুর রহমান ১৯৯০ সালে সুন্দরবনে নৌবাহিনীর সঙ্গে গোলাগুলির সময় আটক হন। এরপর কারাগার থেকে বেরিয়ে ১৯৯৫ সালে রাজাপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে বিতর্কিত হন মিজান। রাজাপুর থানার একজন এসআইকে কুপিয়ে জখম করারও অভিযোগ আছে মিজানের বিরুদ্ধে।রাজাপুর থানার ওসি শামসুল হক জানান, মিজানের বিরুদ্ধে একটি হত্যা মামলা, রাজাপুর থানার এসআই মোস্তফা কামালকে কুপিয়ে জখম করাসহ ছয়টি মামলা রয়েছে। ফোরকানের বিরুদ্ধে রাজাপুর থানায় কোনো মামলা নেই। রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত হোসেন জানান, মিজানুর রহমান বিএনপির সমর্থক।কাউখালী থানা ছাত্রলীগের সভাপতি আমিনুর রশিদ জানান, নাজমুল হক মুরাদ থানা ছাত্রলীগের সাবেক কমিটির সদস্য ছিলেন। তিনি ঠিকাদারি করতেন। কাউখালীতে তাঁর একটি রড-সিমেন্টের দোকান আছে। আইনজীবী গিয়াসউদ্দিন হত্যা মামলার আসামি তিনি।কাউখালী থানার ওসি আবদুর রাজ্জাক জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে কাউখালী থানায় গিয়াসউদ্দিন হত্যাসহ সাত-আটটি মামলা রয়েছে। নাজমুলও গিয়াসউদ্দিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। গত বছরের ১১ অক্টোবর কাউখালী উপজেলা সদরের কচুয়াকাঠি ব্রিজের কাছে সন্ত্রাসীরা আইনজীবী গিয়াসউদ্দিনকে হত্যা করে।