তিন শতাধিক শিক্ষার্থীর জন্য দুজন শিক্ষক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক ৩১০ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। এ ছাড়া বিদ্যালয়ে দেড় বছর ধরে শূন্য রয়েছে প্রধান শিক্ষকের পদ। বিদ্যালয়ের ফলাফল সব সময়ই ভালো ছিল। কিন্তু শিক্ষক-সংকটের কারণে লেখাপড়ার ব্যাঘাত হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা।সরেজমিনে দেখা গেছে, শিক্ষক-সমস্যার পাশাপাশি বিদ্যালয়ে রয়েছে শ্রেণীকক্ষের সমস্যা। উপজেলার প্রায় সব বিদ্যালয়ে দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় নতুন ভবন এ বিদ্যালয়ে হয়নি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এ বিদ্যালয়ে ২০০৯ সালের আগস্ট মাসে প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক অবসরে যান। সহকারী শিক্ষক শূন্যপদে একজনকে নিয়োগ দেওয়া হলেও বাকি দুজন শিক্ষিকার মধ্যে একজন চলতি বছরের সেপ্টেম্বর মাসে মাতৃত্বকালীন ছুটিতে চলে গেছেন। অপর শিক্ষিকা আগামী ডিসেম্বরে মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। সহকারী শিক্ষক এনামুল হক জানান, সামনে সমাপনী পরীক্ষা। কিন্তু ইচ্ছে থাকলেও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অধিক সময় দেওয়া সম্ভব হচ্ছে না।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম বলেন, ‘একা একা স্কুল চালানো যে কী কষ্টের, তা বলে বোঝানো যাবে না। অন্তত প্রেষণে হলেও একজন শিক্ষক আমাদের দেওয়া উচিত।’ সরেজমিনে এসব কথার সত্যতা পাওয়া যায়। দেখা গেছে, একজন শিক্ষক উপবৃত্তির কাজ করছেন, অপরজন একেকবার একেক শ্রেণীতে ঢুকছেন, আর শিক্ষার্থীদের শান্ত রাখার চেষ্টা করছেন।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল লতিফ জানান, দুজন শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অফিশিয়াল কাজে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। বাকি একজন শিক্ষককে পাঁচটি ক্লাস একা সামলাতে গেলে আর যাই হোক মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব হয় না।গোয়াইনঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন দে বলেন, ‘নিয়োগের পর বাণীগ্রামে একটা সমন্বয় করব।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ বলেন, ‘বাণীগ্রামে নতুন শিক্ষক দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অন্য জেলার হওয়ায় সরকারি বিধিমোতাবেক প্রশিক্ষণে চলে গেছেন। নতুন শিক্ষক দেওয়ার ব্যাপারে আমি চেষ্টা করব।’উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী বলেন, ‘বাণীগ্রামের শিক্ষক-সংকট দীর্ঘদিনের। এ বিদ্যালয়ের শিক্ষক-সংকট নিরসনের ব্যাপারে আমি শিক্ষা বিভাগকে সুপারিশ করব।’