তিন শিক্ষককে হত্যার ও সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত তিন শিক্ষককে হত্যার এবং সংবাদ প্রকাশের জন্য একজন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আন্দোলনরত বাংলা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবুল আহসান চৌধুরী কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আবুল আহসান চৌধুরী প্রথম আলোকে জানান, কুষ্টিয়া শহরের মজমপুরে তাঁর বাড়িতে গতকাল বুধবার সকাল পৌনে আটটার দিকে কলবেল বাজে। তিনি নিজে দরজা খুলে দেখেন, মাথায় টুপি, নীল শার্ট ও জিনস পরা এক ব্যক্তি দাঁড়িয়ে। ওই ব্যক্তি তাঁকে উচ্চ স্বরে বলেন, ‘আজকের (বুধবার) বিক্ষোভ সমাবেশে যদি সহ-উপাচার্য কামাল উদ্দিনের নামে কোনো বক্তব্য দেওয়া হয়, তবে আপনাকে (আবুল আহসান) হত্যা করা হবে। আপনার ছেলে স্কুলে পড়ে। তাকে অপহরণ ও মেয়েকে অ্যাসিড মারা হবে।’ এ কথা বলেই ওই ব্যক্তি উচ্চ স্বরে কথা বলতে বলতে দ্রুত চলে যান। আবুল আহসান চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজ আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি বাংলা একাডেমী ও রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত লেখক। সহ-উপাচার্য কামাল উদ্দিন আমাকে হত্যা করতে চায়। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমার পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ এ ছাড়া ইতিহাস বিভাগের শিক্ষক রহুল কুদ্দুস সালেহ ও বাংলা বিভাগের শিক্ষক বাকী বিল্লাহকে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাকী বিল্লাহ খুদে বার্তাটি দেখিয়ে এই প্রতিবেদককে বলেন, আন্দোলন না করার জন্য কয়েক দিন ধরে একটি মুঠোফোন থেকে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় দৈনিক কুষ্টিয়া ও জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদকের মুঠোফোনে হত্যা ও পরিবারের সদস্যদের অপহরণের হুমকি দেওয়া হয়েছে। খুদে বার্তায় বলা হয়েছে, যেসব সাংবাদিককে দিয়ে সংবাদ লেখানো হচ্ছে, তাঁদের হাত কেটে নেওয়া হবে। সহ-উপাচার্য কামাল উদ্দিন বলেন, ‘হুমকির ব্যাপারে আমি কিছু জানি না। এ রকম নীচ ও ঘৃণ্য মানসিকতা আমার কখনো হয়নি, কোনো দিন হবেও না।’কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ জানান, তিনি সরকারি কাজে অফিসের বাইরে আছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।উপাচার্য, সহ-উপাচার্য ও প্রক্টর ছুটিতে, শিক্ষক-শিক্ষার্থীরা আতঙ্কে: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন ও সহ-উপাচার্য কামাল উদ্দিন ছুটিতে গেছেন। গতকাল বুধবার তাঁরা ক্যাম্পাসে যাননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহের আলীও ১৭ নভেম্বর থেকে ছুটিতে আছেন। এই অবস্থায় ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। এদিকে গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া শহরের গণগ্রন্থাগারের সামনে শোভাযাত্রা ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন ওই তিনজন কর্মকর্তা সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রার মসলেম উদ্দিন বলেন, ‘উপাচার্য সরকারি কাজে শিক্ষা মন্ত্রণালয়ে গেছেন। সোমবার অফিস করবেন। সহ-উপাচার্য কামাল উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে ২ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে আছেন। আর প্রক্টর মেহের আলী ছুটিতে ছিলেন, আগামীকাল (আজ) ছুটি শেষ হবে।’ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এম ইয়াকুব আলী অভিযোগ করে বলেন, ওই তিনজন কর্মকর্তা মিথ্যার আশ্রয় নিয়েছেন। ক্যাম্পাসের বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিভিন্ন হলে অবস্থানরত সাধারণ ছাত্রছাত্রীরা চরম আতঙ্কে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সাদ্দাম হলের এক ছাত্র বলেন, চতুর্থ বর্ষের সব পরীক্ষা হয়ে গেছে, শুধু একটা ব্যবহারিক পরীক্ষা বাকি। এর জন্য হলে থাকতে হচ্ছে। হলে খুব আতঙ্কে থাকতে হয়। শোভাযাত্রা-প্রতিবাদ সভা: কুষ্টিয়া শহরের গণগ্রন্থাগারের সামনে শোভাযাত্রা ও প্রতিবাদ সভা করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রগতিশীল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর ব্যানারে প্রতিবাদ সভায় বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া জেলা বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতারা একাত্মতা ঘোষণা করেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের ২১৭তম সভায় চারজন শিক্ষকসহ ১১২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ তোলে সরকার দলীয় সমর্থিত শিক্ষক সংগঠন বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ, বিএনপি-সমর্থিত জিয়া পরিষদ, জামায়াত-সমর্থিত গ্রিন ফোরাম, শিক্ষক সমিতির সদস্যসহ কর্মকর্তারা। তার পর থেকে ‘নিয়োগ-বাণিজ্য’-এর প্রতিবাদে উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষকেরা। এ কারণে ৭২ দিন ধরে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষা বন্ধ আছে। স্থগিত হয়েছে চলতি সেশনের ভর্তি পরীক্ষা। ক্যাম্পাসে একের পর এক ভাঙচুর, বোমা মেরে গাড়ি পোড়ানোসহ, সড়কে চোরাগোপ্তা হামলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে।